Agniveer Permanent: অপারেশন সিঁদুরে’র সাফল্যের পর অগ্নিবীরদের স্থায়ীকরণের সংখ্যা বাড়ানোর ভাবনা
সরকারি সূত্র জানাচ্ছে, সেনা, নৌবাহিনী ও বায়ুসেনার প্রধানরা ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রকের কাছে সুপারিশ করেছেন
Truth of Bengal: ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানের সঙ্গে সংঘাতে স্থায়ী সেনা জওয়ানদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে অগ্নিবীররা। প্রাণের ঝুঁকি নিয়ে শত্রুপক্ষকে দমন করার ক্ষেত্রে তাঁদের ভূমিকায় সন্তুষ্ট সেনার শীর্ষকর্তারা। সূত্রের খবর, প্রায় সাড়ে চার হাজার অগ্নিবীর এই অভিযানে অংশ নেন। তিন বাহিনীর পক্ষ থেকেই তাঁদের সাহসিকতার প্রশংসা করা হয়েছে। আর তাতেই এবার অগ্নিবীরদের স্থায়ীকরণের পরিমাণ এক ধাক্কায় অনেকগুণ বাড়তে পারে। সরকারি সূত্র জানাচ্ছে, সেনা, নৌবাহিনী ও বায়ুসেনার প্রধানরা ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রকের কাছে সুপারিশ করেছেন— অগ্নিবীরদের পাকাপাকি চাকরিতে রাখার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানো হোক। পাশাপাশি বাড়ানো হতে পারে বর্তমানে কর্মরতদের মেয়াদও (Agniveer Permanent)।
এই প্রসঙ্গে সেনাবাহিনীর প্রদস্থ কর্তাদের বক্তব্য, মাত্র চার বছর চাকরির পর ২৫ শতাংশ অগ্নিবীরকে রেখে বাকিদের বিদায় দেওয়া মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। চার বছরে তাদের প্রশিক্ষণ এবং নকল যুদ্ধে যে অভিজ্ঞতা হয় তা সেনা আরও বহুদিন কাজে লাগাতে পারে। ফলে ২৫ শতাংশকে রেখে দেওয়ার ঊর্ধ্বসীমা শিথিল করা দরকার। একই সঙ্গে চুক্তির মেয়াদও বৃদ্ধির কথা বলা হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে সেনার আধুনিকীকরণের স্বার্থে চালু হয় অগ্নিপথ প্রকল্প। এর মাধ্যমে অগ্নিবীরদের চার বছরের জন্য সেনায় নিয়োগ করা হয়। প্রকল্প ঘোষণার সময় কেন্দ্র জানিয়েছিল, চার বছরের শেষে মাত্র ১০ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী করা হবে, বাকিদের ভবিষ্যৎ অনিশ্চিত থেকে যাবে (Agniveer Permanent)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
কিন্তু এখন সূত্র বলছে, সেই সংখ্যা এক লাফে বেড়ে কিছু ক্ষেত্রে ৮০-৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে কোন বাহিনী বা কোন বিভাগে কতজনকে স্থায়ী করা হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট বাহিনীর চাহিদা ও কাঠামোর উপর। অগ্নিপথ প্রকল্প চালুর সময় থেকেই বিরোধীরা প্রশ্ন তুলেছিল— চার বছরের পরে অগ্নিবীরদের ভবিষ্যৎ কী হবে? উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ থেকে শুরু করে বাংলার নানা জেলায় অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখা গিয়েছিল। এবার অপারেশন সিঁদুরে অগ্নিবীরদের ভূমিকার পর সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে যেতে চলেছে। ২০২৬ সালের শেষদিকে প্রথম ব্যাচের অগ্নিবীরদের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁদের স্থায়ী করার ঘোষণা আসতে পারে বলে প্রতিরক্ষা মহলের ধারণা (Agniveer Permanent)।






