প্রযুক্তিফিচার

কোকোবট আসছে মাঠে – নারকেল চাষে প্রযুক্তির নতুন দিগন্ত

কেরালামের কোঝিকোড়ের একদল ইঞ্জিনিয়ার কোকোনাট হার্ভেস্টিং রোবট তৈরি করেছেন।

Truth Of Bengal: কেরালামে এখন নারকেল পাড়ার মরসুম। উঁচু নারকেল গাছ থেকে নারকেল পাড়া খুবই কষ্টসাধ্য কাজ। বিপজ্জনকও বটে। কিন্তু পুরনো এই প্রথার বদল ঘটতে চলেছে। কেরালামের কোঝিকোড়ের একদল ইঞ্জিনিয়ার কোকোনাট হার্ভেস্টিং রোবট তৈরি করেছেন।

কোকোবট নামক ওই রোবট ভারতের কৃষি ক্ষেত্রে রূপান্তর ঘটাতে চলেছে। কোকোবট নামক অভিনব ডিজাইনের রোবট সহজে তরতর করে নারকেল গাছে উঠতে পারে আর নিখুঁত ভাবে নারকেল পেড়ে আনবে। কেরালামের কোঝিকোড়ের ইঞ্জিনিয়ার আশিনকৃষ্ণ ও তাঁর সহকর্মীরা মিলে অভিনব কোকোবট নামক ওই রোবট তৈরি করেছেন।

প্রযুক্তিবিদদের দাবি, কোকোবট হল ১১ কিলোগ্রাম ওজনের রোবোটিক ডিভাইস। একজন ব্যক্তি অনায়াসে বহন করতে পারে এই রোবট। ১ মিনিটের মধ্যে ২০ ফুট উঁচু নারকেল গাছে উঠতে পারে এই রোবট। কোকোবট রোবটের সঙ্গে মেকানিক্যাল আর্ম থাকবে। কাটার জন্য কাটিং টুলসও থাকে। কোকোবট সহজে ডাব আর ঝুনো নারকেল চিহ্নিত করে আলাদা করতে পারে। পাতা কাটতে পারে। কোকোবটে থাকা ক্যামেরার সাহায্যে অপারেটর নারকেল দেখতে পাবেন।