স্মৃতি-পলাশের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ডেইজী শাহ! বিয়ের পিঁড়ি থেকে কেন ফিরলেন দুই তারকা?
পলাশের সঙ্গে পেশাদার সম্পর্ক থাকলেও ব্যক্তিগতভাবে এই জুটির শুভাকাঙ্ক্ষী ডেইজী
Truth of Bengal: স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ডেজ়ী শাহ। গত বছরের নভেম্বর মাসে দুই তারকার বিয়ের পিঁড়িতে বসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায় এবং পলাশের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ ওঠে। এই তিক্ততা কাটিয়ে প্রাক্তন এই জুটি কি ফের এক হতে পারেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সম্ভাবনা ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে সওয়াল করেছেন ডেইজী।
খুব শীঘ্রই পলাশ মুচ্ছল পরিচালিত একটি ছবিতে অভিনয় করতে চলেছেন ডেইজী শাহ। জয় হো খ্যাত এই অভিনেত্রী জানান, পলাশ ও তাঁর বোন পলক মুচ্ছল তাঁর দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। তা সত্ত্বেও এই ছবির কাজের জন্য পলাশ প্রথমে সরাসরি যোগাযোগ না করে অন্য মাধ্যম ব্যবহার করেছিলেন। ডেজ়ীর মতে, সেই সময় বিয়ের বিতর্ক ও ব্যক্তিগত জীবনের টানাপড়েনে এতটাই জেরবার ছিলেন পলাশ যে, কাউকে সরাসরি ফোন করতে দ্বিধা বোধ করছিলেন। পরে ডেইজী নিজেই উদ্যোগী হয়ে মেসেজ করলে পলাশ স্বীকার করেন যে, পরিস্থিতির জটিলতার কারণেই তিনি দূরত্ব বজায় রাখছিলেন। স্মৃতি ও পলাশের বিচ্ছেদ প্রসঙ্গে ডেইজী অত্যন্ত বিচক্ষণ অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তিনি কোনো নির্দিষ্ট পক্ষ নিতে চান না। অভিনেত্রীর ভাষায়, প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে এবং আসল সত্য কেবল সংশ্লিষ্ট দুটি পরিবারই জানে। সংবাদমাধ্যমে যা প্রকাশিত হয়েছে, তার ওপর ভিত্তি করে কাউকে বিচার করা ঠিক নয় বলেই তিনি মনে করেন। তবে একইসঙ্গে তিনি স্মৃতি মন্ধানার দিকটিকেও খাটো করে দেখছেন না বলে জানিয়েছেন।
পলাশের সঙ্গে পেশাদার সম্পর্ক থাকলেও ব্যক্তিগতভাবে এই জুটির শুভাকাঙ্ক্ষী ডেইজী। সাক্ষাৎকারের শেষে তিনি আশা প্রকাশ করেন যে, সময়ের সাথে সাথে সব বিবাদ মিটে যাবে এবং স্মৃতি ও পলাশ আবারও একসঙ্গে পথ চলা শুরু করবেন। তাঁদের জুটিকে অত্যন্ত সুন্দর বলে অভিহিত করে ডেইজী প্রার্থনা করেছেন যেন সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়।






