অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে শুভশ্রী-ইউভান ! তৎপর রাজ চক্রবর্তী, সময় গুনছে পরিবার।
বর্তমানে নিরাপদ আশ্রয়ে থাকলেও দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন তাঁরা।
Truth Of Bengal: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধকালীন পরিস্থিতির প্রভাব এবার সরাসরি আছড়ে পড়ল টলিউডে। ইজরায়েল ও আমেরিকার সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় দুবাইয়ে আটকে পড়েছেন টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাঁর পুত্র ইউভান। বর্তমানে নিরাপদ আশ্রয়ে থাকলেও দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন তাঁরা।
গত শনিবার ছোট্ট ইউভানকে নিয়ে দুবাই উড়ে গিয়েছিলেন শুভশ্রী। সেই সময়েই ইরানের ওপর হামলার ঘটনা ঘটে, যার জেরে গোটা মধ্যপ্রাচ্যে বিমান চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় তৈরি হয় চরম অনিশ্চয়তা।
প্রাথমিকভাবে ঠিক ছিল ৪ মার্চ, বুধবার রাতেই শুভশ্রী ও ইউভান কলকাতায় ফিরবেন। কিন্তু বিমান পরিষেবা স্বাভাবিক না হওয়ায় শেষ মুহূর্তে তাঁদের ফ্লাইট বাতিল হয়ে যায়। এই পরিস্থিতিতে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শুভশ্রীর স্বামী তথা পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, আপাতত ৬ মার্চ ভোরের বিমানে তাঁদের দেশে ফেরানোর বিকল্প ব্যবস্থা করা হয়েছে।
স্ত্রী ও সন্তানকে দ্রুত এবং নিরাপদে ফেরাতে কোনও খামতি রাখছেন না রাজ। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে বিদেশ মন্ত্রককে সমস্ত তথ্য প্রদান করা হয়েছে। এদিকে কলকাতায় ছোট মেয়ে ইয়ালিনিকে সামলানোর পাশাপাশি শুভশ্রী ও ইউভানের ফেরার প্রতীক্ষায় প্রহর গুনছেন তিনি। রাজের কথায় তাঁর উৎকণ্ঠা স্পষ্ট।
শুভশ্রী ও ইউভানের মতো আরও অনেক ভারতীয় বর্তমানে দুবাইয়ে আটকে রয়েছেন। এই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এবং ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুসহ বহু সাধারণ মানুষ। বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের এই অপেক্ষার অবসান ঘটছে না।
এখন সকলের নজর ৬ মার্চের ফ্লাইটের দিকে। রাজ চক্রবর্তী থেকে শুরু করে শুভশ্রীর অগুনতি অনুরাগী – সবাই এখন প্রার্থনা করছেন যেন মা ও ছেলে দ্রুত এবং নিরাপদে ঘরের মেয়ে ঘরে ফিরে আসেন।






