পাকিস্তানি গলি সাজিয়ে শুটিং মুম্বইয়ে! বিপাকে রণবীর-সঞ্জয় দত্তর ছবি ‘ধুরন্ধর ২’
সিনেমাটির মুক্তি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
Truth of Bengal: আদিত্য ধর পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর ২’-এর ঝলক মুক্তি পেতে না পেতেই বড়সড় আইনি ধাক্কা খেল প্রযোজনা সংস্থা। মঙ্গলবার ছবির ট্রেলার বা ঝলক জনসমক্ষে আসার পরেই প্রকাশ্যে এসেছে এক গুরুতর অভিযোগ। মুম্বইয়ের ফোর্ট এলাকায় কোনো বৈধ অনুমতি ছাড়াই ড্রোন উড়িয়ে শুটিং করার অপরাধে ছবিটির লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় সিনেমাটির মুক্তি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জানুয়ারি থেকে মুম্বইয়ের ফোর্ট এলাকাকে পাকিস্তানের পুরনো গলি বা রাস্তার আদলে সাজিয়ে তোলা হয়েছিল। সেই সেটেই চলছিল শুটিং। ১ ফেব্রুয়ারি দুপুর আড়াইটে নাগাদ একটি ড্রোন শুটিংয়ের নির্ধারিত সীমা অতিক্রম করে অত্যন্ত সংবেদনশীল এলাকায় ঢুকে পড়ে। কড়া নিরাপত্তার চাদরে মোড়া ওই অঞ্চলে বিনা অনুমতিতে ড্রোন ওড়ানোয় নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে দেখা দেয়। এর পরেই ভারতীয় ন্যায় সংহিতার আওতায় আইনি নির্দেশ অমান্য করার অভিযোগে লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মিকীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
শুটিং চলাকালীন এই ঘটনাটি পুলিশের নজরে আসায় কাজ সাময়িকভাবে ব্যাহত হয়। জানা গিয়েছে, সেই সময় সেটে সঞ্জয় দত্ত-সহ ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। হাই প্রোফাইল শুটিংয়ে কীভাবে এমন অপেশাদার ভুল হলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই জটিলতার মাঝেই ছবির ঝলক নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। এবারের গল্পে রণবীর সিং অভিনীত হামজ়ার মুখোমুখি হতে দেখা যাবে অর্জুন রামপালকে, যিনি এই ছবিতে আইএসআই প্রধানের ভূমিকায় রয়েছেন।
রণবীর সিংকে ঘিরেই ছবির বেশিরভাগ অংশ সাজানো হলেও ঝলকে সামান্য সময়ের জন্য আর মাধবন এবং সঞ্জয় দত্তর উপস্থিতি নজর কেড়েছে। এছাড়া বিশেষ চমক হিসেবে ‘ফ্ল্যাশব্যাক’ দৃশ্যে অভিনেতা অক্ষয় খন্নার প্রত্যাবর্তন ঘটার কথা রয়েছে। গত ডিসেম্বরে ছবিটির প্রথম ভাগ মুক্তি পাওয়ার পর থেকেই দ্বিতীয় ভাগ নিয়ে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছিল। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।






