Deepika Padukone: ‘কল্কি 2898 AD’-এর এন্ড ক্রেডিট থেকেও বাদ দীপিকা পাড়ুকোন! ওটিটি মুক্তির পরই বিতর্কের ঝড়
দ্বিতীয় পর্বেও থাকার কথা ছিল, কিন্তু আট ঘণ্টা কাজের দাবিতে সরব হওয়ার কারণে তাঁকে ছবি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।
Truth of Bengal: কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে প্রভাস অভিনীত বিগ বাজেট ছবি ‘কল্কি 2898 AD’। এর সিক্যুয়েল থেকে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে বাদ দেওয়ার পর বিতর্ক শুরু হলেও, এবার ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাওয়ার পর নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ছবিটির এন্ড ক্রেডিট (End Credit) থেকে অভিনেত্রীর নাম বাদ যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর ভক্তরা। দীপিকা পাড়ুকোন ‘কল্কি 2898 AD’-এর প্রথম ভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর দ্বিতীয় পর্বেও থাকার কথা ছিল, কিন্তু আট ঘণ্টা কাজের দাবিতে সরব হওয়ার কারণে তাঁকে ছবি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। এবার ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে আসার পর এক ভক্তের চোখ আটকে যায় ছবির শেষে দেখানো নামগুলির ওপর। তিনি লক্ষ্য করেন, সেখান থেকেও বাদ পড়েছে অভিনেত্রীর নাম (Deepika Padukone)!
বিষয়টি নজরে আসতেই দীপিকার এক ভক্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (আগে টুইটার) পোস্ট করেন। তিনি লেখেন, “এন্ড ক্রেডিট মানে কেবল একটি ছবির শেষে থাকা নাম নয়। এটা কৃতজ্ঞতাবোধ এবং কাজের প্রতি শ্রদ্ধা। দীপিকা পাড়ুকোনের মতো কাউকে, যিনি ‘কল্কি’র এত গুরুত্বপূর্ণ একটি অংশ, তাঁর নাম ওটিটি থেকে বাদ যাওয়া মানে অপমান বলা চলে।” এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দীপিকার অন্য এক ক্ষুব্ধ ভক্ত প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী ফিল্মসের তীব্র সমালোচনা করে লেখেন, “বৈজয়ন্তী ফিল্মসের ওটিটি প্ল্যাটফর্মে ‘কল্কি 2898 AD’-এর এন্ড ক্রেডিট থেকে দীপিকা পাড়ুকোনকে সরিয়ে দেওয়া হয়েছে। এত খারাপ প্রযোজনা সংস্থা ভাবতেই পারছি না। তোমরা সবাই নরকে যাওয়ার যোগ্য। এন্ড ক্রেডিট থেকে তাঁর নাম মুছে ফেললেই কি সব মুছে ফেলা যাবে (Deepika Padukone)?”
প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বরেই নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে দীপিকা পাড়ুকোন ‘কল্কি 2898 AD’-এর সিক্যুয়েল থেকে সরে দাঁড়িয়েছেন। অভিনেত্রী আট ঘণ্টার কাজের শর্ত দেওয়ায় নির্মাতারা তাঁর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও অভিনেত্রীর কাজের সময় কমানোর এই দাবির সঙ্গে চলচ্চিত্র জগতের অনেকেই একমত পোষণ করেছেন। তবে এই পরিস্থিতিতে ছবির এন্ড ক্রেডিট থেকে তাঁর নাম বাদ দেওয়ার ঘটনাটি প্রযোজনা সংস্থার ভাবমূর্তি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে (Deepika Padukone)।






