কলকাতাস্বাস্থ্য

সাফল্যের অনন্য নজির গড়ল এসএসকেএম হাসপাতাল

Sskm Hospital

The Truth of Bengal: ব্রেন ডেথ হওয়া এক ব্যক্তির দুটি হাত সংগ্রহ করে প্রতিস্থাপন করা হল ২৭ বছরের যুবকের শরীরে। এই ধরণের প্রতিস্থাপনকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট।  রাজ্য তথা পূর্ব ভারতে এমন প্রতিস্থাপন এই প্রথম। দেশের মধ্যে পনেরোতম অপারেশন। গত ৯ জুলাই উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনার শিকার হন বছর ৪৩-এর এক ব্যক্তি। ১৩ই জুলাই শারীরিক অবস্থার অবনতি হয়। ব্রেন ডেথ হয়ে যায়। এরপর তাঁর রক্তের গ্রুপ ও কোষ সংক্রন্ত বিষয়ে খোঁজ নেওয়া হয় হাসপাতাল থেকে।

সেই সময় আবার এসএসকেএম-এর প্লাস্টিক সার্জারি বিভাগে বিগত এক বছর ধরে চিকিৎসাধীন রয়েছেন বিরাটির বাসিন্দা বছর সাতাশের এক যুবক। তাঁর প্রয়োজন ছিল দু’টি হাত। দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে, হাত দান করানোর ব্যবস্থা করা হয়। এবং বিরাটির যুবকের হাত ট্রান্সপ্লান্টের পদক্ষেপ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ৫টা থেকে শুরু হয়েছিল অস্ত্রোপচার। শেষ হয় রবিবার ভোর ৩টে নাগাদ। একটানা ২২ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। চিকিৎসক, চিকিৎসা কর্মী মিলিয়ে মোট ৩২ জনের টিম অস্ত্রোপচার করেন। অপারেশনের পর ২৭ ঘণ্টা ভেন্টিলেশনে রেখে দেওয়া হয় ওই যুবককে।

গত রবিবার সকালে ভেন্টিলেশন খুলে দেওয়া হয়। আপাতত যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের মত, আপাতত হাত প্রতিস্থাপন হয়েছে। কিন্তু শরীর এই হাত কতদিনে গ্রহণ করবে সেটাই চ্যালেঞ্জ। কোনওরকম বীপরিত প্রতিক্রিয়া এড়াতে হাই টক্সিক ওষুধ প্রয়োগ করা হচ্ছে। রক্তসঞ্চালন ঠিকঠাক শুরু হলে পুরোপুরি সফল বলে ধরা হবে। বর্তমানে যুবকের শারীরিক অবস্থা কঠোর পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত এক বছর এভাবেই থাকতে হবে যুবকটিকে।

 

Related Articles