দেশ

ডিলিমিটেশন বিলে শরদ পাওয়ারের দলের সমর্থন! সুপ্রিয়া সুলের শর্তে তৈরি হচ্ছে নতুন সমীকরণ?

তাঁর যুক্তি, আসন পুনর্বিন্যাস কোনও সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া

Truth of Bengal: কেন্দ্রের প্রস্তাবিত লোকসভা আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিল শরদ পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি-এসপি)। শুক্রবার দলের নেতা জিতেন্দ্র আওহাদ এই অবস্থানের কথা জানান। তাঁর যুক্তি, আসন পুনর্বিন্যাস কোনও সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া। তাই এই প্রক্রিয়ার বিরোধিতা না করে বিলকে সমর্থন করার পক্ষেই মত তাঁদের। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার পর একটি বার্তাতেও নিজের বক্তব্য স্পষ্ট করেন জিতেন্দ্র আওহাদ। তিনি জানান, দলের আনুষ্ঠানিক অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও আসন পুনর্বিন্যাসের সাংবিধানিক গুরুত্বের বিষয়টি বিবেচনা করেই সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, এই প্রস্তাবের পাশে থাকবে দল।

তবে এনসিপি-এসপির অন্দরে এই ইস্যুতে কিছুটা ভিন্ন সুরও শোনা যাচ্ছে। জিতেন্দ্র আওহাদের ঘোষণার কয়েক দিন আগেই দলের কার্যকরী সভাপতি তথা সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছিলেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা হলে আসন পুনর্বিন্যাস প্রক্রিয়াকে সমর্থনের বিষয়টি বিবেচনা করতে পারে তাঁদের দল। এক্ষেত্রে তিনটি শর্তের কথা সামনে এনেছিলেন সুপ্রিয়া। প্রথমত, আসন পুনর্বিন্যাসের পাশাপাশি মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, দেশের প্রতিটি রাজ্যে লোকসভার আসন সংখ্যা সমানভাবে ৫০ শতাংশ বাড়াতে হবে। তৃতীয়ত, আসন পুনর্বিন্যাসের জন্য যে কমিশন গঠন করা হবে, সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলির পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

সুপ্রিয়ার যুক্তি, দেশে জনসংখ্যা ও ভোটারের সংখ্যা ক্রমশ বাড়ছে। অথচ সেই অনুপাতে লোকসভার আসন সংখ্যা বাড়েনি। ফলে একজন সাংসদের পক্ষে নিজের নির্বাচনী এলাকার সমস্ত মানুষের কাছে পৌঁছনো এবং তাঁদের সমস্যার সমাধান করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। সেই কারণেই লোকসভার আসন সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন তিনি।তবে শুক্রবারও নিজের অবস্থানে কিছুটা সতর্কতা বজায় রেখেছেন সুপ্রিয়া সুলে। তাঁর বক্তব্য, এখনও পর্যন্ত প্রস্তাবিত বিলের সম্পূর্ণ বিষয়বস্তু তাঁদের হাতে আসেনি। ফলে বিলের প্রতিটি ধারা খতিয়ে না দেখে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা সম্ভব নয়।

অর্থাৎ, একদিকে জিতেন্দ্র আওহাদ আসন পুনর্বিন্যাসের সাংবিধানিক গুরুত্ব তুলে ধরে সমর্থনের কথা জানাচ্ছেন, অন্যদিকে সুপ্রিয়া সুলে বিলের বিস্তারিত বিষয়বস্তু পর্যালোচনার উপর জোর দিচ্ছেন। ফলে কেন্দ্রের ডিলিমিটেশন বিল নিয়ে এনসিপি-এসপির আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট হতে এখন বিলের খুঁটিনাটি প্রকাশের অপেক্ষা।

Related Articles