আসন পুনর্বিন্যাস বিল রুখতে মমতার দ্বারস্থ কংগ্রেস! স্ট্যালিনের ডিএমকে-র সঙ্গে জোট মেরামতে মধ্যস্থতাকারী তৃণমূলনেত্রী
মোদি সরকারের বিলে শর্তসাপেক্ষ সমর্থনের আশ্বাস স্ট্যালিনের! ডিএমকে-র ২২ সাংসদকে আটকাতে মরিয়া হাত শিবির, শনিবার বৈঠক ডাকলেন খাড়গে!
Truth of Bengal: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কেন্দ্রের আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিল। কংগ্রেসের সঙ্গে জোট ভাঙার পর শর্তসাপেক্ষে মোদি সরকারের আনা এই বিলে সমর্থনের আশ্বাস দিয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল ডিএমকে। আর তাতেই ঘুম ছুটেছে হাত শিবিরের। বিপদ বুঝে পুরনো রাগ-অভিমান মিটিয়ে ডিএমকে-র সঙ্গে জোটের ফাটল মেরামত করতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস, আর এই সংকট মোচনে মধ্যস্থতাকারীর গুরুদায়িত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের সিনিয়র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
উল্লেখ্য, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ডিএমকে-র সঙ্গে জোট ভেঙে বিজয়ের দল ‘টিভিকে’-কে সমর্থন দিয়েছিল কংগ্রেস। কিন্তু বিশেষ অধিবেশনে মোদি সরকার মহিলা সংরক্ষণের সঙ্গে আসন পুনর্বিন্যাস বিল জুড়ে পেশ করার প্রস্তুতি নিতেই সমীকরণ বদলে যায়। লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাবিত এই বিল পাশ করাতে সরকারের প্রয়োজন ৩৬০টি ভোট। ডিএমকে-র ২২ জন সাংসদ, শরদ পাওয়ারের এনসিপি-র ৮ জন এবং ওয়াইএসআরসিপি-র সমর্থন পেলে এনডিএ ৩৫৩-এ পৌঁছে যাবে। ফলে লোকসভায় ২২ সাংসদ থাকা ডিএমকে-র অবস্থানই এখন নির্ণায়ক হয়ে উঠেছে।
অবশ্য বিলটিকে সমর্থনের ক্ষেত্রে শুক্রবার এক্স হ্যান্ডেলে দুটি কড়া শর্ত দিয়েছেন স্ট্যালিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, লোকসভায় তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ আসনের ভাগ কোনওভাবেই কমানো যাবে না এবং ১৯৭১ সালের জনগণনা অনুযায়ী রাজ্যগুলির প্রতিনিধিত্বের অনুপাত আরও ২৫ বছর ‘ফ্রিজ’ রাখতে হবে। তাঁর অবস্থানে আপসের কোনও প্রশ্ন নেই বলেও জানিয়েছেন স্ট্যালিন।
বিজেপি ডিএমকে-র এই শর্ত মানবে কি না তা নিয়ে সংশয় থাকলেও, কোনও ঝুঁকি নিতে নারাজ কংগ্রেস। স্ট্যালিনকে এনডিএ-র দিকে যাওয়া থেকে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই একমাত্র ভরসা হিসেবে দেখছে হাত শিবির। পাশাপাশি, শনিবার সকাল সাড়ে ১১টায় নিজের বাসভবনে লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলগুলির সংসদীয় নেতাদের জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, যেখানে ডিএমকে, আম আদমি পার্টি ও বিজেডিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।




