জোড়াফুল কার, ‘আসল তৃণমূল’ কে? আজ নির্বাচন কমিশনে মুখোমুখি শুনানি দুই শিবিরের
বিদ্রোহী ২০ সাংসদের ভাগ্য ঝুলে স্পিকার ওম বিড়লার কোর্টে! সুপ্রিম কোর্টে শুনানি পিছোতেই বাড়ল রাজনৈতিক টানাপোড়েন
Truth of Bengal: জোড়াফুল প্রতীক ও দলের নামের মালিকানা কার হাতে থাকবে এবং ‘আসল তৃণমূল কংগ্রেস’ কারা, এই দুই প্রশ্নের জবাব আজই মিলবে নাকি অপেক্ষা আরও বাড়বে, তা নিয়ে তীব্র কৌতূহল তুঙ্গে। দলের মালিকানা সংক্রান্ত মামলায় আজ বিকেল চারটে নাগাদ নির্বাচন কমিশনের দফতরে সম্মুখসমরে নামছে তৃণমূলের দুই শিবির। কমিশনের চিঠিতে দুই পক্ষকে নিজেদের উপস্থিতি অথবা আইনি প্রতিনিধি পাঠানোর কথা বলা হলেও, কেবল আইনজীবীরা নাকি দলের নেতারাও শুনানিতে থাকতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। শুনানির শুরুতেই নিজেদের দাবির সপক্ষে প্রথম বক্তব্য পেশ করবে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান জানিয়েছেন, আপাতত তাঁদের আইনজীবী নির্বাচন কমিশনে সওয়াল করবেন এবং কমিশনের চাওয়া সমস্ত নথি, তথ্য ও হলফনামা জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় কড়া প্রতিক্রিয়ায় বলেন, “কিছু লোক দলের টিকিটে জিতে গিয়ে নিজেদের আসল দল বলে দাবি করবে, এটা হতে পারে না।”
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে ঘাসফুল ও জোড়াফুল প্রতীকের মালিকানা দ্বন্দ্বের নিষ্পত্তি করতে হবে এবং চার সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন দুই শিবিরকে হলফনামা ও নথি জমা দিতে হবে। সেই মতো সাংগঠনিক শক্তির প্রমাণ হিসেবে বিপুল নথি জমা দিয়েছে দুই পক্ষই, যদিও নথি জমা দেওয়ার সময় প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে।
আজকের দিনটি আরও তাৎপর্যপূর্ণ কারণ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন, শোভনদেব চট্টোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই সংক্রান্ত মামলার শুনানি শেষে আজই রায় দিতে পারে কলকাতা হাই কোর্ট। এদিকে, বিদ্রোহী ২০ জন সাংসদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি বুধবার ও বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে ওঠার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি এবং পরবর্তী তারিখও জানানো হয়নি। ফলে ওই সাংসদদের পদ খারিজের বিষয়টি আপাতত লোকসভার স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে।






