প্লাস্টিকমুক্ত গঙ্গাসাগর মেলার লক্ষ্যে বড় উদ্যোগ রাজ্যের
নবান্ন সূত্রে খবর, মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে প্রশাসনের শীর্ষস্তরে ধারাবাহিক পর্যালোচনা চলছে।
জ্যোতির্ময় দত্ত, নবান্ন: গঙ্গাসাগর মেলাকে ঘিরে এবার শুধু পুণ্যার্থীদের ঢল সামলানো নয়, মেলার সামগ্রিক পরিকাঠামোতেই বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে রাজ্য সরকার। পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে সামনে রেখে এবারের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সেই লক্ষ্যেই হোগলা পাতার প্রচলিত ছাউনি থেকে সরে এসে আধুনিক তাঁবুর ব্যবস্থা, প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং জলপথ থেকে আকাশপথ পর্যন্ত নজরদারির মতো একাধিক নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
নবান্ন সূত্রে খবর, মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে প্রশাসনের শীর্ষস্তরে ধারাবাহিক পর্যালোচনা চলছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এবারের মেলায় পরিবেশবান্ধব ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুণ্যার্থীদের থাকার জন্য হোগলা পাতার ছাউনির পরিবর্তে ব্যবহার করা হবে আধুনিক টেন্ট বা তাঁবু। একইসঙ্গে মেলাকে প্লাস্টিকমুক্ত রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে। অর্থাৎ, মেলা প্রাঙ্গণে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের উপর জোর দিচ্ছে প্রশাসন।
পরিচ্ছন্নতা ও পানীয় জলে বিশেষ নজর
লক্ষ লক্ষ মানুষের সমাগমে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিষ্কার রাখা প্রশাসনের কাছে বরাবরই বড় চ্যালেঞ্জ। সেই সমস্যা মোকাবিলায় এবার ২৪ ঘণ্টা পরিচ্ছন্নতা বজায় রাখার পরিকল্পনা করা হয়েছে। মেলা চত্বর পরিষ্কার রাখার জন্য বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘাটগুলিকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কাদা, আবর্জনা কিংবা নোংরা জমে পুণ্যার্থীদের সমস্যায় পড়তে না হয়।
পানীয় জলের ক্ষেত্রেও থাকছে বিশেষ ব্যবস্থা। মেলা প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় বসানো হবে একাধিক ওয়াটার এটিএম। সেখান থেকে বিনামূল্যে পানীয় জল সংগ্রহ করতে পারবেন পুণ্যার্থীরা। জল খাওয়ার জন্য রাখা হবে কাগজের কাপ ও গ্লাস। পাশাপাশি একটি বিশেষ মঞ্চ তৈরির পরিকল্পনা রয়েছে, যেখানে বিভিন্ন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে কীর্তনে অংশ নিতে পারবেন।
২০টি বার্জ, বাড়ছে যাতায়াতের পরিকাঠামো
গঙ্গাসাগর মেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল যাতায়াত ব্যবস্থা। বিশেষ করে কাকদ্বীপ, লট নম্বর ৮ এবং কচুবেড়িয়া হয়ে সাগরদ্বীপে পৌঁছনোর ক্ষেত্রে জলপথের উপর নির্ভর করতে হয় পুণ্যার্থীদের। সেই কথা মাথায় রেখে এবার পরিবহণ ব্যবস্থায় বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার।
প্রশাসনিক পরিকল্পনা অনুযায়ী, পুণ্যার্থীদের যাতায়াতের জন্য থাকবে ২০টি বড় বার্জ। প্রতিটি বার্জে একসঙ্গে এক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করতে পারবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি উন্নত করা হচ্ছে ঘাটের পরিকাঠামোও। কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছনোর জন্য হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থাও থাকছে। বেহালা এবং কলকাতা বিমানবন্দর থেকে এই পরিষেবা পাওয়া যাবে। বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি নির্ধারিত ভাড়া দিয়ে সাধারণ মানুষও এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
জল, স্থল ও আকাশপথে নজরদারি, সমন্বয়ে সেনা ও বিএসএফ
এবারের গঙ্গাসাগর মেলায় নিরাপত্তার বিষয়টিকেও সর্বাধিক গুরুত্ব দিচ্ছে নবান্ন। শুধু মেলা প্রাঙ্গণ নয়, জলপথ, স্থলপথ এবং আকাশপথেও নজরদারির বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে গোটা এলাকার উপর নজর রাখা হবে। এই নজরদারি ব্যবস্থার পরিচালনায় ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা থাকবে বলে জানানো হয়েছে।
গঙ্গাসাগর সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিরাপত্তার প্রশ্নে বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন। এ বিষয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিকদের সঙ্গে নবান্নের একাধিক দফায় বৈঠক চলছে। মেলায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
দেশের রাজনৈতিক নেতৃত্বকেও আমন্ত্রণ
গঙ্গাসাগর মেলাকে সর্বভারতীয় স্তরে আরও বেশি গুরুত্ব দেওয়ার লক্ষ্যেও উদ্যোগী রাজ্য সরকার। ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি লোকসভার অধ্যক্ষ এবং দেশের বিভিন্ন বিধানসভার অধ্যক্ষদেরও মেলায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। বিভিন্ন রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতেও এবারের মেলা বিশেষ মাত্রা পেতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।
৫০ থেকে ৬০ হাজার মানুষের রাতে উপস্থিতির সম্ভাবনা
মুখ্যসচিবের বক্তব্য অনুযায়ী, এবারের গঙ্গাসাগর মেলায় মানুষের সমাগম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। যেখানে অন্যান্য বছর ১৫ থেকে ২০ হাজার মানুষের উপস্থিতির কথা বলা হয়, সেখানে এবার সেই সংখ্যা ৫০ থেকে ৬০ হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সেই অনুযায়ী পরিবহণ, পানীয় জল, আবাসন, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো সাজানো হচ্ছে।
সব মিলিয়ে এবারের গঙ্গাসাগর মেলাকে ঘিরে রাজ্য সরকারের পরিকল্পনা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। পরিবেশবান্ধব পরিকাঠামো, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা বলয় তৈরি করে মেলাকে নতুন রূপ দেওয়ার চেষ্টা চলছে। নবান্ন সূত্রে খবর মুখ্যসচিবের বক্তব্য অনুযায়ী , পুণ্যার্থীদের সুবিধা এবং মেলার সার্বিক ব্যবস্থাপনায় কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। এখন নজর, পরিকল্পনার বাস্তবায়নে কতটা সফল হয় প্রশাসন।






