রাজ্যের খবর

বাংলার সড়ক পরিকাঠামোয় ২৭ হাজার কোটির উপহার! একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন নীতীন গড়করির

আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামোর চেহারা বদলে যাবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী

Truth of Bengal: রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে উন্নয়নের গতি আরও বাড়বে বলে দাবি করছে শাসক শিবির। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে একাধিক বড় প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কোলাঘাটের মঞ্চ থেকে বাংলার জন্য মোট ২৭ হাজার কোটি টাকার সড়ক প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতীন গড়করি। একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি নতুন রাস্তা ও সেতু নির্মাণের শিলান্যাসও করেন তিনি। আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামোর চেহারা বদলে যাবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে গড়করির বার্তা, উন্নয়নের জন্য যতবার অর্থ চাইবেন, কেন্দ্র ততবারই সাহায্য করবে। তাঁর কথায়, বরাদ্দের জন্য আবেদন করতে করতে মুখ্যমন্ত্রী ক্লান্ত হয়ে যেতে পারেন, কিন্তু কেন্দ্রের তহবিলে অর্থের অভাব হবে না। বাংলার উন্নয়নে কেন্দ্রের তরফে কোনও কার্পণ্য করা হবে না বলেও আশ্বাস দেন তিনি। আগামী পাঁচ বছরে রাজ্যের রাস্তাঘাট আমেরিকার মতো উন্নত করার লক্ষ্য নিয়েও আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী। এ দিন একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করা হয়। তার মধ্যে অন্যতম ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি পর্যন্ত অংশের ছয় লেনে সম্প্রসারণ। প্রায় ২ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পের ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার যান চলাচল আরও মসৃণ হবে বলে আশা। পাশাপাশি ফরাক্কায় গঙ্গার উপর ৫২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার লেনের সেতুরও উদ্বোধন করেন গড়করি। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ হবে।

এ ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ২২টি সড়ক প্রকল্পের শিলান্যাসের কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কলকাতার জন্য প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণের পরিকল্পনা। কোনা, বেলঘরিয়া, কল্যাণী-কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকাকে এই পথের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরি হলে নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ আরও উন্নত হবে। কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের সঙ্গে দুর্গাপুরকে যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি হুগলি নদীর তলায় জোড়া সুড়ঙ্গ তৈরির প্রস্তাব রয়েছে। এর ফলে বন্দর এলাকায় দিনরাত পণ্যবাহী গাড়ি চলাচলের সুবিধা হবে। জোকা থেকে নামখানা পর্যন্ত চার লেনের রাস্তা এবং হুগলি নদীর উপর ফলতা-বাগনান সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। উপকূলবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে চাউলখোলা-অলংকারপুর, ঠাকুরনগর-নাচিন্দা এবং নামখানা-বকখালি রাস্তা সম্প্রসারণ করা হবে। এই তিনটি প্রকল্পের জন্য যথাক্রমে ৮১২.৫০ কোটি, ৪৬৯.৩৫ কোটি এবং ২৩৭.৩৭ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে।

বীরভূমের ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভীমগড়-মল্লারপুর, মল্লারপুর-নলহাটি এবং সুরুল-মল্লারপুর জাতীয় সড়কের উন্নয়ন করা হবে। পুরন্দরপুর-রঙাইপুরের দুই লেনের রাস্তার উন্নতিতেও বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি ১১৬ বি জাতীয় সড়কের নরঘাটে নতুন সেতু নির্মাণের জন্য ২৩১.৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্ব বর্ধমান ও হুগলি জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে মন্তেশ্বর-দাঁইহাট এবং বর্ধমান-কাটোয়া রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। রঘুনাথপুর-চন্দনকিয়ারি-চাস, মগরা-সুলতানগাছা-খানপুর-দশমরা এবং বিষ্ণুপুর-বেলেঘাটা সড়কেও উন্নয়নের কাজ হবে। এসটিকেকে সড়কের বান্দেবাজ-গুপ্তিপাড়া থেকে কাটোয়া পর্যন্ত অংশের সম্প্রসারণ এবং জুবিলি মোড় থেকে রুনাকুড়াঘাট পর্যন্ত রাস্তার উন্নয়নও এই প্রকল্পের অন্তর্ভুক্ত।

এ ছাড়াও রঘুনাথপুর-চেলিয়ামা সড়কের সম্প্রসারণ এবং আরামবাগে দ্বারকেশ্বর নদীর উপর কালীপুর-দৌলতপুর সংযোগকারী সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সেতুর জন্য বরাদ্দ করা হয়েছে ৩৭৫.৭৮ কোটি টাকা। শুধু রাস্তা ও সেতু নয়, যানজট এবং দুর্ঘটনা কমাতেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বারাসত-কৃষ্ণনগর-বহরমপুর রুটে ২০টি ভেহিকুলার আন্ডারপাস তৈরিতে ৭৬৭ কোটি টাকা এবং বহরমপুর-ফরাক্কা-রায়গঞ্জ-ডালখোলা রুটে ২৫টি আন্ডারপাস নির্মাণে ৬৯০ কোটি টাকা খরচের পরিকল্পনা রয়েছে। ১৯ নম্বর জাতীয় সড়কের বরওয়াড্ডা-পানাগড় অংশে ১২টি আন্ডারপাস তৈরির জন্য বরাদ্দ ২৭৭ কোটি টাকা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উন্নয়নেও ৭৮ কোটি টাকা খরচ করা হবে।

Related Articles