২৬ নভেম্বর রাজ্যের সব স্কুলে পালিত হবে সংবিধান দিবস, নির্দেশিকা জারি সমগ্র শিক্ষা মিশনের
স্কুলের প্রাতঃকালীন সমাবেশে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সম্মিলিতভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে।
জ্যোতির্ময় দত্ত, কলকাতা : রাজ্যের সমস্ত স্কুলে আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস পালনের নির্দেশ জারি করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। ভারতীয় সংবিধান গ্রহণের দিনটিকে স্মরণ করে ছাত্রছাত্রীদের মধ্যে সংবিধানের মূল্যবোধ, আদর্শ ও নাগরিক চেতনা ছড়িয়ে দিতে বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে রাজ্যের সমস্ত জেলার জেলা শিক্ষা আধিকারিকদের (DEO) কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশনের তরফে।
নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং বেসরকারি স্কুলে শিক্ষক ও পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংবিধান দিবস পালন করতে হবে। দিনটি উপলক্ষে স্কুলগুলিতে একাধিক শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি আয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
২৬ নভেম্বর রাজ্যের সব স্কুলে পালিত হবে সংবিধান দিবস, নির্দেশিকা জারি সমগ্র শিক্ষা মিশনের https://t.co/MIrykLpUqD
— thetruthofbengal (@TruthofBengalX) November 22, 2026
স্কুলের প্রাতঃকালীন সমাবেশে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সম্মিলিতভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, সংবিধান রচনার সঙ্গে যুক্ত গণপরিষদের সদস্যদের সম্পর্কে পড়ুয়াদের জানাতে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে। নিজেদের জেলা বা রাজ্য থেকে গণপরিষদে প্রতিনিধিত্বকারী সদস্যদের সম্পর্কে গবেষণা করে বক্তব্য রাখার জন্যও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে হবে। শুধু পাঠ বা বক্তব্য নয়, সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমেও সংবিধানের আদর্শ তুলে ধরার পরিকল্পনা রয়েছে। সংবিধানভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর পোস্টার তৈরি, অঙ্কন প্রতিযোগিতা, বুকমার্ক, ব্যাজ ও কোলাজ তৈরির মতো কর্মসূচি আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়। এর মাধ্যমে পড়ুয়াদের মধ্যে সংবিধান সম্পর্কে আগ্রহ তৈরি করার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
কর্মসূচি যাতে প্রতিটি জেলায় যথাযথভাবে বাস্তবায়িত হয়, তার জন্য জেলা স্তরে একজন করে নোডাল অফিসার মনোনীত করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নোডাল অফিসারের তথ্য এবং স্কুলভিত্তিক অংশগ্রহণের পরিসংখ্যান গুগল ট্র্যাকার মারফত আপলোড করতে হবে। গোটা আয়োজনের উপর নজরদারি ও তথ্য সংগ্রহের দায়িত্ব জেলা শিক্ষা আধিকারিকদের দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল। পরবর্তীতে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর হয় এবং দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সংবিধান গ্রহণের দিনটির গুরুত্ব তুলে ধরতে ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালনের ঘোষণা করে। সেই উপলক্ষেই প্রতি বছর দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্তরে সংবিধানের আদর্শ এবং নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি নেওয়া হয়।






