কলকাতারাজ্যের খবর

অন্ধ্র নয়, ওড়িশার দিকে ধেয়ে আসছে আকভান! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি

বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। শুক্রবার উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর গতিপথ পরিবর্তন ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পূর্ব ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে। প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার সম্ভাবনা থাকায় সেই মতো প্রস্তুতি নিয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার। ওড়িশা ও পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু বুধবার রাতে আচমকাই গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি। অন্ধ্রপ্রদেশের বদলে ওড়িশার দিকে এগোতে শুরু করে ‘আকভান’। বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। শুক্রবার উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার রাত থেকেই ওড়িশার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। পুরী ও সংলগ্ন এলাকায় বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে বেশি। রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টিপাত চলছে। পরিস্থিতির দিকে নজর রেখে পুরীর গুণ্ডিচা মন্দির-সহ দু’টি মন্দির আপাতত পুণ্যার্থীদের দর্শনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ২২ নভেম্বর থেকে মন্দিরগুলি ফের খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল পশ্চিমবঙ্গে। তবে ‘আকভান’-এর গতিপথ বদলে যাওয়ায় আবহাওয়ার পরিস্থিতিতেও কিছুটা পরিবর্তন এসেছে। বুধবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। প্রথমে হালকা টিপটিপ বৃষ্টি হলেও বৃহস্পতিবার ভোরের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। শুক্রবার দুপুর নাগাদ নরসাপুর থেকে পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বইতে পারে।

মৌসম ভবনের ১৯ নভেম্বর ভোরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘আকভান’। গত ছ’ঘণ্টায় ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়েছে সেটি। পরবর্তী সময়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২০ নভেম্বর দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত।

দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সারাদিন দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শুক্রবার বৃষ্টির দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবার পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সরাসরি প্রভাব উত্তরবঙ্গে পড়ার আশঙ্কা তুলনামূলকভাবে কম। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের পরিস্থিতি বিবেচনা করে মৎস্যজীবীদের আগামী ২১ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ বজায় থাকলেও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির প্রভাব থাকবে।

তবে ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে উদ্বেগ থাকলেও শক্তি বৃদ্ধি নিয়ে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা। তাঁদের মতে, ‘আকভান’ পুরীর দিকে এগোলেও নতুন করে শক্তি বাড়ানোর সম্ভাবনা খুব বেশি নেই। এর অন্যতম কারণ নভেম্বরের তৃতীয় সপ্তাহে উত্তর দিক থেকে বয়ে আসা শুষ্ক ও ঠান্ডা বাতাস। এই বাতাস ঘূর্ণিঝড়ের মধ্যে প্রবেশ করলে তার শক্তি বৃদ্ধির প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে। এমনকি শুষ্ক বাতাসের প্রভাব বেশি হলে উপকূলে আছড়ে পড়ার আগেই ঘূর্ণিঝড়টি শক্তি হারাতে পারে। ফলে শেষ মুহূর্তে ‘আকভান’-এর তীব্রতা কতটা থাকবে, এখন সেদিকেই নজর আবহবিদদের।