ফের এনক্লোজার ভেঙে পালাল ‘ডুয়ার্সের রানি’! অন্তঃসত্ত্বা ছিল বাঘিনি?
বর্তমানে বক্সা টাইগার রিজার্ভের চুনিয়া ওয়াচ টাওয়ারের কাছে বাঘিনির অবস্থান বলে খবর।
Truth of Bengal: অসম থেকে ফিরিয়ে এনে বক্সা টাইগার রিজার্ভে এনক্লোজারে রাখা হয়েছিল বাঘিনিকে। কিন্তু সেখানেও বেশিদিন আটকে রাখা গেল না। ফের এনক্লোজার ভেঙে পালিয়েছে ‘ডুয়ার্সের রানি’। এবার অসমের দিকে এগোচ্ছে সে। এরই মধ্যে বাঘিনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বন দপ্তরের একাংশের দাবি, বক্সায় আনার সময় বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল। তার গর্ভে থাকা তিনটি শাবক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চলছে।
বর্তমানে বক্সা টাইগার রিজার্ভের চুনিয়া ওয়াচ টাওয়ারের কাছে বাঘিনির অবস্থান বলে খবর। তাকে নজরে রাখতে আশপাশের এলাকায় কুনকি হাতি ও বনকর্মীদের মোতায়েন করা হয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অসমের রাইমোনা বনাঞ্চল থেকে প্রায় ৩০ কিলোমিটার এবং ভুটান সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে রয়েছে বাঘিনিটি।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভে ঘুমপাড়ানি গুলি করে বাঘিনিটিকে কাবু করা হয়েছিল। ৩০ সেপ্টেম্বর তাকে বক্সার ২৫ মাইল এলাকায় তৈরি এনক্লোজারে রাখা হয়। পরে মুক্ত বনাঞ্চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হলেও ৪ অক্টোবর অসমের রাইমোনা জঙ্গলের দিকে চলে যায় সে। গত ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় সংলগ্ন এলাকা থেকে ফের তাকে ঘুমপাড়ানি গুলি করে ধরে বক্সায় ফিরিয়ে আনা হয়।
কিন্তু ছ’দিনের মধ্যেই গত রবিবার ফের এনক্লোজার ভেঙে পালিয়ে যায় বাঘিনি। এই সময়েই তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বন আধিকারিকদের নজরে আসে বলে দাবি। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির প্রধান সঞ্জয় কুমার জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।


