রাজ্যের খবর

থানা বদলের আবদার, খাবারেও অনীহা! লক-আপে কেমন কাটল পরেশরামের রাত?

গ্রেফতারির পর সোমবার রাত কেটেছে নরেন্দ্রপুর থানার লক-আপে।

Truth of Bengal: মুম্বই পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হল না। বিমান ধরার আগেই দমদম বিমানবন্দর থেকে পুলিশের জালে ধরা পড়লেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। গ্রেফতারির পর সোমবার রাত কেটেছে নরেন্দ্রপুর থানার লক-আপে। পুলিশ সূত্রে খবর, সারারাত ঘুমোননি বিধায়ক। এমনকী খাবারও মুখে তোলেননি। বারবার থানা বদলের আবেদনও জানিয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার তাঁকে আলিপুর আদালতে পেশ করার কথা।

ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে পরেশরাম দাসের বিরুদ্ধে। তদন্তের জন্য তাঁকে দু’বার তলব করেছিল সিআইডি। একবার তদন্তকারীদের মুখোমুখিও হয়েছিলেন তিনি। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আচমকাই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ক্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে চার তৃণমূল নেতাকে গ্রেফতার করলেও বিধায়কের নাগাল পাচ্ছিল না পুলিশ।

তদন্তকারীদের দাবি, গোপন সূত্রে খবর আসে, কলকাতা থেকে মুম্বই পালানোর পরিকল্পনা করছেন পরেশরাম। সেই খবরের ভিত্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি শুরু করে পুলিশের এসওজি টিম। বিধাননগর পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারির পর সোমবার সন্ধ্যায় তাঁকে রাখা হয় নরেন্দ্রপুর থানার লক-আপে। পুলিশ সূত্রে খবর, এরপর বারবার সোনারপুর থানায় স্থানান্তরের আবেদন জানান তিনি। তবে সেই আবেদন মঞ্জুর হয়নি। রাতে খাবার দেওয়া হলেও তা খাননি বিধায়ক। শুধুমাত্র প্রয়োজনীয় ওষুধ খেয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার আলিপুর আদালতে তাঁকে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে বারুইপুর জেলা পুলিশ।