কালীঘাট কাণ্ডের ২ দিন পর মমতার পাড়ায় যাচ্ছেন শুভেন্দু, আর্থিক সাহায্য দেবেন ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের
Truth of Bengal: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাট রোড তথা পটুয়াপাড়ায় ঘটে যাওয়া তীব্র উত্তেজনার ঠিক তিন দিনের মাথায় রাজ্য রাজনীতিতে বড় খবর! আজ মঙ্গলবার কালীঘাটের বিখ্যাত হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যা কার্যত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম বাড়ির গলি হিসেবে পরিচিত।
সূত্রের খবর, ওই এলাকায় আয়োজিত বেশ কয়েকটি কালীপুজো কমিটি থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আর সেই আমন্ত্রণ রাখতেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পাশাপাশি তাণ্ডবের শিকার হওয়া পটুয়াপাড়াতেও যাবেন তিনি। মূলত ক্ষতিগ্রস্ত স্থানীয় মৃৎশিল্পী ও ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।
পটুয়াপাড়ায় তাণ্ডব ও ব্যবসায়ীদের বিক্ষোভ
উল্লেখ্য, গত শুক্রবার রাতে অভিষেকের জন্মদিন উদযাপনকে ঘিরে রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা। অভিযোগ, সেই রাতে চলা ব্যাপক ভাঙচুর ও তাণ্ডবে পটুয়াপাড়ার একাধিক মৃৎশিল্পীর তৈরি প্রতিমা ও কাজের গুরুত্বপূর্ণ সামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকী পুজোর সামগ্রী বিক্রি করা স্থানীয় ছোট ব্যবসায়ীরাও বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েন।
এরই প্রতিবাদে শনিবার সকাল থেকে খোদ অভিষেকের বাড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান ক্ষুব্ধ ব্যবসায়ীরা, যা সামাল দিতে মাঠে নামতে হয়েছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ঘটনার পরেই ভবানীপুরের স্থানীয় বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কালীঘাটস্থ কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুভেন্দুর সাহায্য ও পুলিশকে কড়া বার্তা
খবরটি পাওয়ার পরপরই কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এবং নিজে ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি পটুয়াপাড়ার মৃৎশিল্পী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন এবং তাঁদের হাতে আর্থিক সাহায্যও তুলে দিতে পারেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও পুলিশ-প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন তিনি।
অন্যদিকে, শুক্রবারের অনভিপ্রেত ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন যে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতিতে হাঁটবে, তা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। নাম না করে অভিষেককে বিঁধে তিনি বলেন, “আমি কারও নাম নিয়ে তাঁকে হিরো বানাতে চাই না। কিন্তু পুলিশকে হাত তোলা, চোখ দেখানো বা হুমকি দেওয়ার মতো অপরাধ হলে আইনানুগ কড়া ধারায় মামলা হবে।”
প্রশাসনিক প্রধানের হুংকার, “ঘটনায় একাধিক পুলিশকর্মী জখম হয়েছেন, ভিডিও ফুটেজ দেখে দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে। এই মামলায় কাস্টডি ট্রায়াল এবং চার্জশিট হবে, কোনও প্রভাবশালীকেই ছাড় দেওয়া হবে না।”






