টালার জল বিপর্যয় কাটতে আরও দু’দিন! ব্যাহত জল-বিদ্যুৎ পরিষেবা
সোমবার সকালে টালায় ৭২ ইঞ্চির একটি পুরনো পাইপ আচমকাই ফেটে যায়।
Truth of Bengal: ব্রিটিশ আমলের মাটির নীচে বসানো পাইপ ফেটে বিপর্যস্ত টালা। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। ব্যাহত কলকাতা ও বৃহত্তর কলকাতার জল সরবরাহ। সোমবার থেকে শুরু হওয়া এই সমস্যার জেরে মঙ্গলবারও চরম ভোগান্তিতে বাসিন্দারা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে বলে পুরসভা সূত্রে খবর। জল সরবরাহের পাশাপাশি আংশিকভাবে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও।
সোমবার সকালে টালায় ৭২ ইঞ্চির একটি পুরনো পাইপ আচমকাই ফেটে যায়। মুহূর্তের মধ্যে জল ঢুকে পড়ে রাস্তাঘাটে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়ে। টালা ট্যাঙ্ক থেকেই কলকাতা ও বৃহত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ করা হয়। ফলে এই বিপর্যয়ের সরাসরি প্রভাব পড়েছে শহরের জল পরিষেবায়।
ঘটনার খবর পেয়েই মেরামতির কাজ শুরু হয়। কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডে ঘটনাস্থলে পৌঁছে কাজের তদারকি করেন। তবে পাইপলাইন ও নিকাশি ব্যবস্থার জটিলতা এবং রেলের জমিতে কাজ করার প্রয়োজন থাকায় মেরামতিতে কিছুটা বিলম্ব হচ্ছে। পুরসভা ও রেল কর্তৃপক্ষের সমন্বয়ে চলছে কাজ।
এদিকে, কলকাতা স্টেশন জলমগ্ন থাকায় চক্ররেলের পরিষেবাতেও পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার টালা রুটে পাঁচটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের সময়সূচি ও যাত্রাপথও বদল করা হয়েছে। গেদে-মাঝেরহাট, হাবড়া-মাঝেরহাট এবং মাঝেরহাট-রানাঘাট লোকাল নির্ধারিত পথের পরিবর্তে অন্য পথে চলবে। সব মিলিয়ে টালার পাইপ বিপর্যয়ে জল, বিদ্যুৎ ও রেল পরিষেবা নিয়ে চরম সমস্যায় কলকাতার বাসিন্দারা।


