রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনা! পরপর ধাক্কা পাঁচ গাড়ির
২০১৮ সালের একটি মানহানির মামলার শুনানিতে যোগ দিতে সোমবার সকালে সুলতানপুরের সাংসদ-বিধায়ক আদালতে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী।
Truth of Bengal: উত্তরপ্রদেশের সুলতানপুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনার কবলে পড়ল রাহুল গাঁধীর কনভয়। কনভয়ের পাঁচটি গাড়ির মধ্যে পরস্পরের ধাক্কা লাগে। তবে রাহুল গাঁধী যে গাড়িতে ছিলেন, সেটি অক্ষত রয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
২০১৮ সালের একটি মানহানির মামলার শুনানিতে যোগ দিতে সোমবার সকালে সুলতানপুরের সাংসদ-বিধায়ক আদালতে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। লখনউ থেকে সুলতানপুর যাওয়ার পথে হালিয়াপুর থানা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাহুলের গাড়ির পিছনে থাকা দু’টি গাড়ির মধ্যে প্রথমে সংঘর্ষ হয়।
সূত্রের দাবি, প্রথমে কনভয়ের একটি গাড়ি অ্যাম্বুল্যান্সে ধাক্কা দেয়। এরপর একে অপরের সঙ্গে ধাক্কা লাগে কনভয়ের বাকি গাড়িগুলির। অন্য একটি সূত্রের মতে, কংগ্রেস নেতাদের নিজস্ব গাড়িগুলির একটির চালক আচমকা ব্রেক কষায় এই বিপত্তি ঘটে। রাস্তার সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে। তবে হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি।
সোমবার সকালে লখনউয়ের চৌধরী চরণ সিংহ বিমানবন্দরে নামেন রাহুল। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কংগ্রেসের বহু নেতা-কর্মী। এরপর তাঁর কনভয় অনুসরণ করে সুলতানপুরের উদ্দেশে রওনা দেন কয়েক জন নেতা। লখনউ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে।
২০১৮ সালে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে বেঙ্গালুরুতে করা মন্তব্য ঘিরেই এই মামলা হয়েছিল। সুলতানপুরের আদালতে সেই মামলার শুনানিতে হাজিরা দিতে যাচ্ছিলেন রাহুল। আদালত তাঁকে বেকসুর খালাস করেছে বলে জানা গিয়েছে।






