দেশ

‘ভোট চুরি’ বিতর্কে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পথে ইন্ডিয়া জোট

বিরোধীদের অভিযোগ, এসআইআর (SIR) প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

Truth of Bengal: ভোটার তালিকায় কারচুপি এবং নির্বাচনী নিয়ম বদলের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। আগামী ৩০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার ইমপিচমেন্ট’ নামে একটি প্রতীকী কর্মসূচির ঘোষণা করেছে বিরোধীরা।

বিরোধীদের অভিযোগ, এসআইআর (SIR) প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের মতো নেতারা ‘ভোট চুরি’র অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন।

কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানিয়েছেন, দিল্লিতে প্রতীকী সংসদ ভবন তৈরি করে এই কর্মসূচি আয়োজন করা হবে। সেখানে বিরোধী জোটের সাংসদ ও শীর্ষ নেতারা অংশ নেবেন। পাশাপাশি, ২০২৩ সালের মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন এবং কমিশনারদের আইনি সুরক্ষা সংক্রান্ত বিধান নিয়েও আইনি ও রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা।

অন্যদিকে, এই কর্মসূচির সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্রের অভিযোগ, নির্বাচনে রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে না পেরে বিরোধীরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করা এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

Related Articles