অষ্টমীর রাতে কলকাতায় ট্রাফিক আইন ভাঙার হিড়িক! গ্রেফতার কতজন?
অষ্টমীর রাতে শহরজুড়ে মোট ৭২৬টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ
Truth of Bengal: দুর্গাপুজোর রাতেও কলকাতার রাস্তায় বেপরোয়া বাইক ও গাড়ির দাপট অব্যাহত। ট্রাফিক আইন অমান্য করে রাস্তায় নামার অভিযোগে অষ্টমীর রাতে শহরজুড়ে মোট ৭২৬টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। বিনা হেলমেটে বাইক চালানো, একটি বাইকে তিনজন বা তার বেশি আরোহী থাকা এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর মতো একাধিক অভিযোগ রয়েছে সেই তালিকায়। একইসঙ্গে ট্রাফিক আইন ভাঙার ঘটনায় ধরপাকড় চালিয়ে মোট ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লালবাজারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অষ্টমীর রাতে হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ২৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একটি বাইকে তিনজন আরোহী থাকার অভিযোগে ১৫৫টি মামলা রুজু করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের নির্দিষ্ট অভিযোগে আরও ৯০টি মামলা হয়েছে। পাশাপাশি, মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৮১ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে পুলিশ। এখানেই শেষ নয়। ট্রাফিক আইন সংক্রান্ত অন্যান্য অনিয়মের অভিযোগেও আরও ১৬৯টি মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে অষ্টমীর রাতে শহরে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৭২৬। পাশাপাশি, বিভিন্ন অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।
দুর্গাপুজোর সময় কলকাতার রাস্তায় দর্শনার্থীদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দেয় পুলিশ। বিশেষ করে রাতের দিকে বাইক ও গাড়ির বেপরোয়া চলাচল, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং হেলমেট ছাড়া বাইক চালানোর মতো নিয়মভঙ্গ রুখতে চলে নজরদারি। এ বছরও পুজো ঘিরে শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রাস্তায় পুলিশি টহলদারির পাশাপাশি ট্রাফিক আইন ভাঙলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






