কলকাতা

SRFTI-তে উপাচার্যকে হেনস্থা ও দফতরে ভাঙচুরের অভিযোগ! বহিষ্কৃত ছয় পড়ুয়া

বুধবার রাতের ঘটনার পর বৃহস্পতিবার প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিবৃতিতে শৃঙ্খলাভঙ্গ, আপত্তিকর গ্রাফিতি লেখা এবং নিরাপত্তারক্ষীদের হেনস্থার মতো একাধিক অভিযোগও তোলা হয়

Truth of Bengal: কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ উপাচার্যকে শারীরিক হেনস্থা এবং তাঁর দফতরে ভাঙচুরের অভিযোগে কড়া পদক্ষেপ করল কর্তৃপক্ষ। ডিন কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে ছয় পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাতের ঘটনার পর বৃহস্পতিবার প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিবৃতিতে শৃঙ্খলাভঙ্গ, আপত্তিকর গ্রাফিতি লেখা এবং নিরাপত্তারক্ষীদের হেনস্থার মতো একাধিক অভিযোগও তোলা হয়। বহিষ্কৃত পড়ুয়াদের তালিকায় রয়েছেন শুভম ওয়ায়দাণ্ডে (Shubham Waydande), অ্যারন পি জয় (Aaron P Joy), আপ্পু সোমন (Appu Soman), অভিলাশ বি নায়ার (Abhilash B Nair), নাচিকেত শশীকান্ত পাওয়ার (Nachiket Shashikant Pawar) এবং ধিবাহার এম (Dhivahar M)।

কর্তৃপক্ষের অভিযোগ, উপাচার্য সন্তোষ আজমেরাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল। শুভম ওয়ায়দাণ্ডের বিরুদ্ধে সরাসরি হেনস্থার অভিযোগ উঠেছে। বাকি পাঁচ পড়ুয়ার বিরুদ্ধে উপাচার্যের দফতরে ভাঙচুর চালানোর অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার SRFTI-এর তরফে প্রকাশিত বিবৃতিতে বুধবার রাতের ঘটনাকে কেন্দ্র করে একাধিক অভিযোগের কথা জানানো হয়। কর্তৃপক্ষের দাবি, ওই রাতে উপাচার্যের দফতরে হামলা চালানো হয়। দফতরের জানালা লক্ষ্য করে ইট ছোড়া হয়। এমনকী, জল ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

বৃহস্পতিবার সকালে উপাচার্যের দফতরে ভাঙা কাচ, ইটের টুকরো এবং ক্ষতিগ্রস্ত আসবাবপত্র পড়ে থাকতে দেখা যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, কয়েক জন পড়ুয়া উপাচার্যকে ঘিরে স্লোগান দেন। সেই সময় এক পড়ুয়া তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেন বলেও দাবি কর্তৃপক্ষের। পাশাপাশি, নিরাপত্তারক্ষীদের হেনস্থা করা এবং দেওয়ালে আপত্তিকর গ্রাফিতি লেখার অভিযোগও সামনে এসেছে।

Related Articles