রাজ্যের খবর

বর্ধমান শহরে টিভিকে-র পার্টি অফিসের সূচনা

দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের রাজনৈতিক আদর্শ ও জনসেবামূলক ভাবনাকে ছড়িয়ে দিতে এগিয়ে এসেছেন বর্ধমানের একদল উৎসাহী যুবক-যুবতী।

পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় থালাপতির রাজনৈতিক দল ‘তামিঝগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) এবার আনুষ্ঠানিকভাবে পা রাখল পশ্চিমবঙ্গে। সমগ্র রাজ্যের মধ্যে প্রথম পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের রেনেসাঁ টাউনশিপের কাছে উদ্বোধন হল টিভিকে-র পার্টি অফিসের। দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের রাজনৈতিক আদর্শ ও জনসেবামূলক ভাবনাকে ছড়িয়ে দিতে এগিয়ে এসেছেন বর্ধমানের একদল উৎসাহী যুবক-যুবতী। উদ্বোধনী অনুষ্ঠানে দলের স্থানীয় কোঅর্ডিনেটর সঞ্জয় ডি এবং চৈতালি জানান, তামিলনাড়ু জুড়ে বিজয় থালাপতির সামাজিক কাজকর্ম ও রাজনৈতিক দূরদর্শিতা ইতিমধ্যেই সাধারণ মানুষের মন জয় করেছে। সমাজসেবী হিসাবে তাঁর অবদান এবং মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত হয়েই বাংলায় এই দলীয় কার্যকলাপে শামিল হয়েছেন ভক্ত ও সমর্থকেরা।

পাশাপাশি তাঁরা জানান, জনসেবা ও সামাজিক সুরক্ষার ওপর জোর দেওয়া মূল লক্ষ্য। আপাতত বাংলায় রাজনৈতিক প্রতিযোগিতার চেয়ে মানুষের পাশে দাঁড়ানোকেই মূল লক্ষ্য করা হয়েছে। বিশেষ করে নারী সুরক্ষা, শিক্ষার আধুনিকীকরণ ও সামাজিক উন্নয়নে বিজয়ের তৈরি রূপরেখাকে প্রাধান্য দিয়ে কাজ করবেন সদস্যরা। বর্তমানে স্থানীয়স্তরে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই হবে কর্মীদের প্রাথমিক কাজ।

দলীয় সূত্রের খবর, জেলায় ইতিমধ্যেই দলের সদস্য সংখ্যা প্রায় ৫,০০০ ছুঁয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ এলে আগামী দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাও রয়েছে তাঁদের। সেক্ষেত্রে বাংলায় দলীয় প্রচারে খোদ বিজয় থালাপতিকে নিয়ে আসার চিন্তাভাবনাও করছেন উদ্যোক্তারা।