সন্দেশখালিতে নৌকা বাইচে বড় বিপত্তি! বিদ্যাধরী নদীতে ঢেউয়ের ধাক্কায় উলটে গেল নৌকা
ঘটনাটি ঘটেছে সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের কানমারি এলাকায়
Truth of Bengal: খারাপ আবহাওয়ার মধ্যেই নৌকা বাইচ প্রতিযোগিতা, আর মাঝনদীতে গিয়ে ঘটল বিপত্তি। উত্তাল বিদ্যাধরী নদীতে ঢেউয়ের ধাক্কায় উলটে গেল প্রতিযোগীদের নৌকা। নদীতে পড়ে হাবুডুবু খেতে থাকেন প্রায় ২০ জন প্রতিযোগী। ঘটনাটি ঘটেছে সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের কানমারি এলাকায়। তবে স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং বিজেপি কর্মীদের তৎপরতায় সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই।
জানা গিয়েছে, কানমারি এলাকায় বিদ্যাধরী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই সময় আবহাওয়া ছিল প্রতিকূল। নদীতে ছিল প্রবল ঢেউ। প্রতিযোগিতা শুরু হওয়ার পর নৌকাটি মাঝনদীতে পৌঁছতেই ঢেউয়ের ধাক্কায় ভিতরে জল ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ভারসাম্য হারিয়ে উলটে যায় নৌকাটি। নৌকায় থাকা প্রায় ২০ জন প্রতিযোগী একসঙ্গে নদীতে পড়ে যান। কেউ সাঁতরে ভেসে থাকার চেষ্টা করেন, আবার কেউ উলটে যাওয়া নৌকা আঁকড়ে ধরেন। ঘটনাটি নজরে আসতেই তৎপর হন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এবং বিজেপি কর্মীরাও লঞ্চ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন।
এরপর একে একে নদী থেকে সমস্ত প্রতিযোগীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা চলছে। সময়মতো উদ্ধারকাজ শুরু হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। প্রাথমিকভাবে অনুমান, প্রতিকূল আবহাওয়া এবং নদীর প্রবল ঢেউয়ের কারণেই নৌকাটি উলটে যায়। তবে নৌকাটিতে কোনও যান্ত্রিক বা কাঠামোগত সমস্যা ছিল কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার পর নৌকা বাইচের সময় নিরাপত্তা ব্যবস্থা এবং খারাপ আবহাওয়ায় প্রতিযোগিতা আয়োজন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।


