বিনোদন

রাজকীয় লুকে সৌরভ, ১৫ প্রতিযোগী নিয়ে শুরু ‘বিগ বস বাংলা’

খেলার নিয়ম অনুযায়ী কেউ বাদ পড়বেন, আবার ওয়াইল্ড কার্ডের মাধ্যমে নতুন মুখও আসতে পারেন।

Truth of Bengal: দীর্ঘ প্রতীক্ষার অবসান। জমকালো আয়োজনে শুরু হল ‘বিগ বস বাংলা’। ৩০ আগস্ট গ্র্যান্ড ওপেনিংয়ে নতুন অবতারে ধরা দিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজকীয় লুকে তাঁর এন্ট্রি, সঙ্গে অভিনেত্রীদের নাচ—সব মিলিয়ে প্রথম দিনেই জমে উঠল মঞ্চ।

ওপেনিং পর্বে বিশেষ আকর্ষণ ছিলেন সৌরভের প্রাক্তন সতীর্থ হরভজন সিং। পাশাপাশি প্রকাশ্যে আসে প্রতিযোগীদের সম্পূর্ণ তালিকাও। মনামী ঘোষ, ভরত কল, সোনামণি সাহা, নিরঞ্জন মণ্ডল, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত, দীপেন্দু বিশ্বাস-সহ মোট ১৫ জনকে নিয়ে শুরু হয়েছে এবারের শো।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

সোনামণি সাহা ও সৃজলা গুহর নাচে আরও রঙিন হয়ে ওঠে উদ্বোধনী পর্ব। প্রতিযোগীদের একে একে পরিচয় করিয়ে দেন সৌরভ। মনামী ঘোষের লাল-সাদা বাঙালি সাজও নজর কাড়ে। প্রয়াত অভিনেতা তাপস পালের ছবি পর্দায় ভেসে উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর মেয়ে।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে প্রায় ১০ হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে ‘বিগ বস বাংলা’র বিশাল বাড়ি। সেখানে নেই ঘড়ি, ঢোকে না সূর্যের আলো। গোটা বাড়িতে রয়েছে প্রায় ৮০টিরও বেশি ক্যামেরা। প্রায় তিন মাস এই নজরদারির মধ্যেই থাকতে হবে প্রতিযোগীদের।

খেলার নিয়ম অনুযায়ী কেউ বাদ পড়বেন, আবার ওয়াইল্ড কার্ডের মাধ্যমে নতুন মুখও আসতে পারেন। নির্মাতাদের দাবি, রাজনীতি, খেলা, অভিনয়-সহ বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিযোগী বেছে নেওয়া হয়েছে। চূড়ান্ত নির্বাচনের আগে তাঁদের মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্য দিয়েও যেতে হয়েছে।

শোয়ের টাইটেল ট্র্যাকেও রয়েছে চমক। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের লেখা গানটি গেয়েছেন ও সুর করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ‘করব দুর্গ জয় অত সহজ নয়…’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছে।

৩১ আগস্ট থেকে স্টার জলসায় প্রতিদিন রাত সাড়ে ৯টায় দেখা যাবে ‘বিগ বস বাংলা’। এক দশক পর নতুন রূপে ফিরে আসা এই শো নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

Related Articles