রাতভর মুষলধারে বৃষ্টিতে জেরবার তিলোত্তমা! সকাল থেকেই কলকাতার একাধিক এলাকা জলমগ্ন
আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর
Truth of Bengal: রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক এলাকায় জমেছে জল। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার দিনভর চলতে পারে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। ভারী বৃষ্টির আশঙ্কায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে জারি হয়েছে কমলা সতর্কতা। আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখার প্রভাবেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে। বৃহস্পতিবার দিনভর শহরের আকাশ মেঘলা ছিল। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির পর রাত থেকে শুরু হয় মুষলধারে বর্ষণ। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। শহরজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল থাকবে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতেও আগামী পাঁচদিন দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে উত্তরবঙ্গেও। শুক্রবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে।






