‘রোজ মিছিল করুন!’,বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
তৃণমূল জমানার দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় শাসকদলকে তীব্র খোঁচা দেন।
Truth of Bengal: রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় দাঁড়িয়ে নিজের প্রথম জবাবি ভাষণে বিরোধীদের প্রতি কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভার অধিবেশনে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, রাজ্যে বিরোধীদের কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে বা মিছিলে বাধা দেওয়া হবে না। তবে একই সাথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “রোজ মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না।” সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানি রাসমণি সরণীতে দলীয় অবস্থানের জন্য আবেদন জানালেও, বর্তমান সরকারের তরফে কলকাতার ধর্মতলার ওয়াই চ্যালেনে সেই কর্মসূচির লিখিত ছাড়পত্র দেওয়া হয়েছে বলে এদিন জানান তিনি।
তৃণমূল জমানার দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় শাসকদলকে তীব্র খোঁচা দেন। তিনি যখন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, তখন তৎকালীন তৃণমূল সরকার তাঁর প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে পদে পদে বাধা সৃষ্টি করত। সভা বা মিছিলের অনুমতি আদায়ের জন্য তাঁকে বারেবারে আদালতের দ্বারস্থ হতে হতো এবং আদালতের আইনি নির্দেশ হাতে নিয়েই তিনি রাজনৈতিক কর্মসূচি পালন করতেন। এমনকি বিধানসভার অধিবেশন থেকেও তাঁকে একাধিকবার সাসপেন্ড করার নজির রয়েছে। অতীত জমানার সেই প্রসঙ্গ টেনেই এদিন কড়া ভাষায় সরব হন বর্তমান মুখ্যমন্ত্রী।
তৃণমূল আমলের সংঘাতের রাজনীতির খতিয়ান তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল সরকার পাঁচ বছরে আমাকে কতবার হাউস থেকে বের করেছে? পাঁচ বার বের করেছে। সাড়ে ১১ মাস আমাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে। আমার বিরুদ্ধে কত মামলা করা হয়েছিল? মোট ১০২টি মামলা হয়েছে। তা সত্ত্বেও আমরা আজ ক্ষমতায় এসে বিরোধীদের মুখে লিউকোপ্লাস্ট লাগাতে বলিনি।” নিজের সরকারের রাজনৈতিক উদারতার কথা উল্লেখ করে তিনি আরও জানান যে, প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকেও নিয়ম মেনে বিরোধী দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে তাঁর সরকার বদ্ধপরিকর।






