‘অনিয়ম প্রমাণিত হলে কেউ রেহাই পাবে না’, সিবিএসই দ্বাদশের মূল্যায়ন বিতর্কে মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
একই সঙ্গে সিবিএসই-র চালু করা নতুন ‘অন স্ক্রিন মার্কিং’ (ওএসএম) ব্যবস্থার পক্ষেও সওয়াল করেছেন তিনি।
Truth of Bengal: নিট ইউজি-র প্রশ্নফাঁস বিতর্কের আবহেই এবার সিবিএসই দ্বাদশ শ্রেণির মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। ফলপ্রকাশের পর থেকেই পরীক্ষার্থীদের একাংশ অভিযোগ তুলেছেন খাতা মূল্যায়নে গাফিলতির। প্রায় ১৫ দিন পর এ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়েছেন, তদন্তে কোনও অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে কাউকেই রেহাই দেওয়া হবে না। একই সঙ্গে সিবিএসই-র চালু করা নতুন ‘অন স্ক্রিন মার্কিং’ (ওএসএম) ব্যবস্থার পক্ষেও সওয়াল করেছেন তিনি। শিক্ষামন্ত্রীর দাবি, এই ডিজিটাল মূল্যায়ন পদ্ধতি আরও স্বচ্ছতা আনবে এবং ছাত্রছাত্রীদেরই উপকার করবে।
গত ১৩ মে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর থেকেই সমাজমাধ্যমে বহু পরীক্ষার্থী ও অভিভাবক খাতার প্রতিলিপি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। অভিযোগ ওঠে, খাতা মূল্যায়নে অসঙ্গতি রয়েছে এবং খাতা দেখানোর প্রক্রিয়াতেও গাফিলতি হয়েছে। যদিও বোর্ডের তরফে বারবার স্বচ্ছতার আশ্বাস দেওয়া হয়েছিল, এতদিন পর্যন্ত এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী। এদিকে এই বিতর্ক ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধি সিবিএসই-র খাতা মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমাজমাধ্যমে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি জানতে চান, কীভাবে ওই সংস্থাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল। তাঁর দাবি, অতীতে তেলঙ্গানাতেও নাম বদলে একই ধরনের কাজ করেছিল ওই সংস্থা এবং সেখানেও বিতর্ক তৈরি হয়েছিল।
এই প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেন, রাজনীতি পরে করা যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরীক্ষার্থী ও ছাত্রছাত্রীদের মানসিক চাপ যেন না বাড়ে। তিনি রাজনৈতিক দলগুলিকে এমন কোনও মন্তব্য না করার আবেদন জানান, যাতে পড়ুয়াদের উদ্বেগ আরও বৃদ্ধি পায়। তবে মূল্যায়ন প্রক্রিয়ায় কিছু ভুলত্রুটি হয়েছে বলেও পরোক্ষে স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে বলেন, বর্তমানে চলা পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমেই সমস্ত সমস্যা সমাধান করা হবে। তাঁর কথায়, সব ঠিক হয়ে যাবে, দায়িত্ব আমার। শিক্ষামন্ত্রী আরও দাবি করেন, শুধু সিবিএসই নয়, দেশ-বিদেশের বহু বড় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই ডিজিটাল মূল্যায়ন পদ্ধতি বা ওএসএম ব্যবস্থা চালু করেছে। তাঁর মতে, প্রযুক্তিনির্ভর এই পদ্ধতি ভবিষ্যতে মূল্যায়ন ব্যবস্থাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করে তুলবে। পাশাপাশি তিনি আশ্বস্ত করে বলেন, আমরা কোনও পড়ুয়ার মনে প্রশ্ন বা উদ্বেগ রেখে দেব না। প্রত্যেকের সমস্যার সমাধান করা হবে।


