কলকাতা

বিনামূল্যে বাসযাত্রায় এবার স্মার্ট কার্ড বাধ্যতামূলক, মহিলাদের জন্য আর কী কী নতুন নিয়ম রাজ্য সরকারের?

এই বিষয়ে ইতিমধ্যেই শর্তসাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পরিবহণ দপ্তর

Truth of Bengal: রাজ্যে ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করলে দিল্লির ধাঁচে পশ্চিমবঙ্গেও মহিলাদের জন্য সরকারি বাসযাত্রা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পূরণ করতেই আগামী ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু করতে চলেছে সরকার। এই বিষয়ে ইতিমধ্যেই শর্তসাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পরিবহণ দপ্তর। পরিবহণ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এই সুবিধা পাবেন। রাজ্যের পরিবহণ নিগমের অধীন WBTC, NBSTC এবং SBSTC-র সমস্ত সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। শুধু শহরাঞ্চলের বাস নয়, দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে।

তবে বিনামূল্যে বাসযাত্রার জন্য নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। সুবিধাভোগী মহিলাদের জন্য রাজ্য সরকার ছবি ও নামসহ একটি ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করবে। ওই স্মার্ট কার্ড দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ মিলবে। স্মার্ট কার্ড পেতে নিজের এলাকার বিডিও বা এসডিও অফিসে প্রয়োজনীয় নথি-সহ আবেদন জমা দিতে হবে। স্মার্ট কার্ডের জন্য পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবিসহ পেনশন সংক্রান্ত নথি অথবা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সরকারি পরিচয়পত্রের মধ্যে যে কোনও একটি জমা দেওয়া যাবে। এর পাশাপাশি জমা দিতে হবে একটি কালার পাসপোর্ট সাইজ ছবি।

যেহেতু ১ জুন থেকেই এই পরিষেবা চালু হতে চলেছে, তাই স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত মহিলাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। এই সময়ে তাঁরা সরকারি পরিচয়পত্র দেখিয়ে কন্ডাক্টরের মাধ্যমে যাচাই করাতে পারবেন। এরপর তাঁদের দেওয়া হবে ‘জিরো ভ্যালু টিকিট’। অর্থাৎ টিকিট থাকলেও তার জন্য কোনও ভাড়া দিতে হবে না। সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে রাজ্যের মহিলাদের দৈনন্দিন যাতায়াতে বড় আর্থিক স্বস্তি মিলবে।