রাজ্যের খবর

২০ কেজি ওজনের কচ্ছপ দেখতে মানুষের ঢল! বনদপ্তরের তৎপরতায় রক্ষা পেল বিরল জলচর

উদ্ধার হওয়া এই কচ্ছপটির ওজন প্রায় ২০ থেকে ২২ কিলোগ্রাম বলে জানা গিয়েছে।

কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ভগবানগোলা থানার মহেশ নারায়ণগঞ্জে গভীর রাতে একটি বিশালাকৃতির কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটে নাগাদ হালদারপাড়া এলাকার বাসিন্দা পরিমল হালদার কুকুরের অস্বাভাবিক চিৎকার শুনে বাড়ি থেকে বেরোলে বিশালাকার এই প্রাণীটিকে দেখতে পান। পরে শুক্রবার সকালে বনদপ্তরের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া এই কচ্ছপটির ওজন প্রায় ২০ থেকে ২২ কিলোগ্রাম বলে জানা গিয়েছে।

এলাকার বাসিন্দা পরিমল বাবু জানান, গভীর রাতে কুকুরের চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। বাড়ির বাইরে এসে দেখেন একটি বিশাল কচ্ছপ ঘোরাফেরা করছে। অজানা ও বড় আকৃতির এই প্রাণী দেখে প্রথমে আতঙ্ক ছড়ালেও তিনি দ্রুত ভগবানগোলা থানা ও বনদপ্তরে খবর দেন। সকালে এই খবর ছড়িয়ে পড়তেই বিশাল কচ্ছপটিকে একনজর দেখতে স্থানীয়দের ভিড় উপচে পড়ে। বাসিন্দাদের মতে, এই এলাকায় এর আগে এত বড় কচ্ছপ কখনও দেখা যায়নি।

খবর পেয়েই শুক্রবার সকালে বনদপ্তরের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে নিজেদের হেফাজতে নেয়। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, বর্তমানে কচ্ছপটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ হলে সেটিকে কোনো সুরক্ষিত বড় জলাশয়ে বা তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে। সময়ের মধ্যে বনদপ্তরের কর্মীরা পৌঁছে উদ্ধার কাজ চালানোয় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

Related Articles