দেশ

ছত্তিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে মৃত বেড়ে ২০

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টো নাগাদ শক্তি জেলার ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে আচমকা বিস্ফোরণ ঘটে।

Truth Of Bengal: ছত্তিশগড়ের শক্তি জেলায় বেদান্ত গোষ্ঠীর একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়ংকর বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গের শ্রমিক বলে জানা গিয়েছে। এই ঘটনায় বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়ালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের করেছে ছত্তিশগড় পুলিশ। একইসঙ্গে সংস্থার আরও ৯ জন কর্তার বিরুদ্ধেও এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টো নাগাদ শক্তি জেলার ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে আচমকা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার সময় কেন্দ্রের ভিতরে কমপক্ষে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে একসঙ্গে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৬ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

শক্তি জেলার পুলিশ সুপার জানিয়েছেন, বৃহস্পতিবার দাভরা থানায় অনিল আগরওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার ৯ জন কর্তার বিরুদ্ধেও পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান জানিয়েছেন, তদন্তের অগ্রগতির সঙ্গে অভিযুক্তের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট, ঘটনাস্থলের ফরেনসিক রিপোর্ট এবং কারখানার স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বিধি মেনে কাজ চলছিল কি না, কিংবা কোনও ধরনের গাফিলতি ছিল কি না—তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এই দুর্ঘটনা ফের একবার শিল্পক্ষেত্রে শ্রমিক নিরাপত্তা এবং কারখানার পরিকাঠামোগত ত্রুটি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

Related Articles