ভোটের আগেই বিজেপির নির্বাচনী বিধি লঙ্ঘন, ফের বিতর্কে জড়ালেন লক্ষ্মণ ঘোড়ুই
অভিযোগ, শনিবার গভীর রাতে দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের কান্ডেশ্বর গ্রামের বাউরি পাড়ায়, মনসা মন্দিরের সামনে এই কাজ চলছিল।
Truth Of Bengal: সনাতন গরাই, দুর্গাপুর: নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরে। বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই–এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে এলাকায় সোলার লাইট বসানোর কাজ করানো হচ্ছিল। অভিযোগ, শনিবার গভীর রাতে দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের কান্ডেশ্বর গ্রামের বাউরি পাড়ায়, মনসা মন্দিরের সামনে এই কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেন। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে প্রভাব বিস্তার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের দাবি, নির্বাচনী বিধি জারি থাকা অবস্থায় এই ধরনের উন্নয়নমূলক কাজ করা সম্পূর্ণ বেআইনি। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, সাধারণ মানুষের ভোট প্রভাবিত করতেই এই কাজ করা হচ্ছিল, তাই তা বন্ধ করতে বাধ্য হন তাঁরা। অন্যদিকে, এই অভিযোগ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনা প্রথম নয়। এরআগেও লক্ষ্মণ ঘোড়ুই-এর বিরুদ্ধে উঠেছিল একের পর এক অভিযোগ। নির্বাচন বিধি কার্যকর হওয়ার পরেও তিনি এলাকায় শ্রবণযন্ত্র, হুইলচেয়ার ও লাঠি বিতরণ করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, দুর্গাপুর পশ্চিম বিধানসভার স্টেশন বাজার এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থ ও প্রবীণ মানুষের হাতে এই সামগ্রী তুলে দেন লক্ষ্মণ ঘোড়ুই। ঘটনার খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। কারণ, নির্বাচন বিধি লাগু হওয়ার পর এই ধরনের সামগ্রী বিতরণ করা নির্বাচন আচরণবিধির পরিপন্থী। এর মাধ্যমে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই ঘটনার রেশ কাটতে কাটতে ফের সংবাদ শিরনামে লক্ষ্মণ ঘোড়ুই।






