রাজ্যের খবর

বিজেপি নেতার বির্তকিত পোস্ট, পথে নেমে বিক্ষোভে তৃণমূল

ইন্দাসের কুশমুড়ি হাইস্কুলে আচমকাই ক্লাস চলাকালীন ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া।

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: বাঁকুড়ার ইন্দাসে কুশমুড়ি হাইস্কুলকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল বিজেপির এক নেতার মন্তব্যে। সামাজিক মাধ্যমে কুশমুড়ি হাইস্কুলের এক শিক্ষকের উদ্দেশে করা বিজেপির মণ্ডল সভাপতির মন্তব্য ঘিরে ফের রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ইন্দাসের কুশমুড়ি হাইস্কুলে আচমকাই ক্লাস চলাকালীন ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া। অভিযোগ, শিক্ষকের অনুমতি না নিয়েই তিনি একটি ক্লাসরুমে প্রবেশ করেন এবং স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলে পড়ুয়াদের সামনেই সংশ্লিষ্ট শিক্ষকের উপর চড়া সুরে মন্তব্য করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। প্রতিবাদে ইন্দাসসহ বিভিন্ন জায়গায় তৃণমূলের শিক্ষক সংগঠন মিছিল ও সভা করে।

এরই মধ্যে বিতর্কে নতুন মাত্রা যোগ করেন বিজেপির ইন্দাস মণ্ডল সভাপতি বিপ্রদাস অধিকারী। তিনি ফেসবুক লাইভে এসে বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ক্ষমতায় না থাকলে এই শিক্ষককে ওই বিজেপি বিধায়কের পায়ের তলায় এসে পড়তে হবে। তাঁর এই মন্তব্য ঘিরেই ফের রাজনৈতিক তরজা শুরু হয়।বিজেপি নেতার বক্তব্যের কড়া সমালোচনা করে আকুই বাজারে বিক্ষোভে নামে তৃণমূল কর্মী-সমর্থকরা। তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ বলেন, বিজেপি ক্ষমতায় এলে শিক্ষকদের সম্মানের কী হাল হবে, তা এই মন্তব্যেই স্পষ্ট। তাঁদের দলের কারও শিক্ষকমহলের প্রতি সম্মান নেই।

অন্যদিকে, বিপ্রদাস অধিকারীর দাবি, সংশ্লিষ্ট বিধায়ক ইতিমধ্যেই ঘটনার জন্য শিক্ষক ও শিক্ষক সমাজের কাছে ক্ষমা চেয়েছেন। তাঁর কথায়, বিধায়কের ভুল স্বীকারের পরও যেভাবে বিষয়টি নিয়ে রাজনৈতিক নোংরামি করা হচ্ছে, তারই প্রেক্ষিতে আমি ওই মন্তব্য করেছি।ঘটনাকে কেন্দ্র করে ইন্দাসে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে।শিক্ষক সমাজের মর্যাদা ও রাজনৈতিক শালীনতা—এই দুই প্রশ্নে এখন মুখোমুখি শাসক-বিরোধী শিবির।

Related Articles