দেশ

বকেয়া টাকা দেয়নি উড়ান সংস্থা? স্পাইসজেট-কে আকাশসীমা ব্যবহারে ‘নো এন্ট্রি’ দিল বাংলাদেশ

কলকাতা থেকে গুয়াহাটি এবং ইম্ফলগামী স্পাইসজেটের বিমানগুলি বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছে।

Truth of Bengal: উড়ান সংস্থা স্পাইসজেট-কে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না বাংলাদেশ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা গিয়েছে। বকেয়া সংক্রান্ত জটিলতার কারণেই বাংলাদেশি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।বাংলাদেশের আকাশ ব্যবহার করতে না পারায় কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফল-সহ একাধিক রুটে স্পাইসজেটের বিমানগুলিকে ঘুরপথে উড়তে হচ্ছে। ফলে যাত্রাসময়ে কিছুটা বৃদ্ধি পাচ্ছে বলেও জানা গিয়েছে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটে বৃহস্পতিবার দেখা যায়, কলকাতা থেকে গুয়াহাটি এবং ইম্ফলগামী স্পাইসজেটের বিমানগুলি বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছে।

এ বিষয়ে স্পাইসজেটের এক মুখপাত্র জানান, নেভিগেশন সংক্রান্ত খরচ ও অন্যান্য পরিচালনাগত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। তাঁর কথায়, এগুলি বিমান পরিষেবার ক্ষেত্রে খুব সাধারণ কিছু সমস্যা। একটি প্রাথমিক সমাধানের লক্ষ্যে গঠনমূলক আলোচনা চালানো হচ্ছে। তবে এই পরিস্থিতির কারণে পরিষেবায় বড় ধরনের প্রভাব পড়েনি বলেও দাবি করেন তিনি। নিয়ন্ত্রক সংস্থার যাবতীয় নিয়ম মেনেই উড়ান পরিষেবা চালু রয়েছে বলে জানানো হয়েছে।কত টাকা বকেয়া রয়েছে বা কোন খাতে বকেয়া রয়েছে, সে বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানানো হয়নি। এ নিয়ে বাংলাদেশের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ইমেলের কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।ঘটনার জেরে আন্তর্জাতিক আকাশপথ ব্যবহারে আর্থিক ও প্রশাসনিক সমন্বয়ের বিষয়টি আবারও সামনে এল বলে মনে করছেন বিমান পরিবহণ সংশ্লিষ্ট মহল।

Related Articles