কলকাতা

মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিই কাল! ডিভাইডারে ধাক্কা চার চাকার, আহত চার

এই ঘটনায় এক যুবক ও দুই তরুণী-সহ মোট চারজন জখম হয়েছেন।

Truth Of Bengal: চিনার পার্ক থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাওয়ার পথে ইকো পার্কের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। দ্রুতগতিতে আসা একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অ্যাপ ক্যাব এবং পরে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার ওপর উল্টে যায়। এই ঘটনায় এক যুবক ও দুই তরুণী-সহ মোট চারজন জখম হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চিনার পার্কের দিক থেকে আসছিল। ইকো পার্কের এক নম্বর গেটের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি গাড়িতে ধাক্কা মারে এবং ডিভাইডারে উঠে উল্টে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন এবং প্রাথমিক শুশ্রূষা দেন। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।

প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনার সময় চালক-সহ গাড়ির আরোহীরা মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় অতি দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণেই এই বিপত্তি ঘটেছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Related Articles