ফের স্বমহিমায় ঝোড়ো ইনিংস শুরু শীতের, একধাক্কায় অনেকটা নামল পারদ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই আকাশ পরিষ্কার হয়েছে এবং সেই সুযোগেই জোরদার হয়েছে উত্তরের ঠান্ডা হাওয়া।
Truth of Bengal: মেঘের আস্তরণ সরে যেতেই যেন হঠাৎ করেই বদলে গেল আবহাওয়ার মেজাজ। রাজ্য জুড়ে শীতের রাজকীয় প্রত্যাবর্তন— উত্তুরে হাওয়ার দাপটে হু হু করে নামছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই আকাশ পরিষ্কার হয়েছে এবং সেই সুযোগেই জোরদার হয়েছে উত্তরের ঠান্ডা হাওয়া। তার ফলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় নতুন করে শীতের আমেজ ফিরে এসেছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের পর বড়সড় তাপমাত্রা পতনের সম্ভাবনা না থাকলেও আগামী তিন দিন এই হাড়কাঁপানো ঠান্ডা বজায় থাকবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা এখন স্বাভাবিকের নিচে। কয়েকটি জেলায় পারদ ইতিমধ্যেই ১০ ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে। কলকাতায় আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা বাড়বে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘন কুয়াশার দাপট বেশি থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে এবং আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।
উত্তরবঙ্গেও শীতের দাপট দক্ষিণের তুলনায় কিছুটা বেশি। আবহাওয়া দফতরের মতে, আগামী সাত দিন সেখানে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং থেকে মালদা— প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে বলে সতর্ক করেছে দফতর। যদিও আপাতত পাহাড়ে বৃষ্টি বা তুষারপাতের কোনো আশঙ্কা নেই।






