রাজ্যের খবর

মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের মনোবল এবং উৎসাহ দিতে এগিয়ে এলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর

চলতি বছরে তাঁর ওয়ার্ড থেকে মোট ৭০ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে চলেছে।

মাধব দেবনাথ,নদিয়া: আসন্ন মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের উৎসাহ ও সহায়তায় এগিয়ে এলেন নদীয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক। চলতি বছরে তাঁর ওয়ার্ড থেকে মোট ৭০ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে চলেছে। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধায় পড়তে না হয় এবং মানসিকভাবে আরও আত্মবিশ্বাসী হয়ে তারা পরীক্ষায় বসতে পারে, সেই উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ।

এই কর্মসূচির মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় পরীক্ষার সরঞ্জাম বোর্ড, পেন, পেন্সিল, স্কেল সহ আরও একাধিক জরুরি সামগ্রী। পাশাপাশি পড়াশোনায় মনোযোগী থাকা ও ভালো ফল করার জন্য ছাত্র-ছাত্রীদের উৎসাহও দেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ নতুন নয়। ২০১১ সাল থেকে প্রতিবছরই নিজের ওয়ার্ডের মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচি নিয়মিতভাবে করে আসছেন কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক। তাঁর এই ধারাবাহিক উদ্যোগে খুশি অভিভাবক মহল ও পরীক্ষার্থীরা।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ ছাত্র-ছাত্রীদের শুধু আর্থিক সহায়তাই নয়, মানসিক শক্তিও জোগায়, যা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে অত্যন্ত প্রয়োজনীয়। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার আগে উৎসাহ এবং সামগ্রী হাতে পেয়ে অত্যন্ত খুশি পরীক্ষার্থীরা। এ প্রসঙ্গে উদ্যোগকারী তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিকের দাবি, নব প্রজন্ম দেশের ভবিষ্যৎ, শিক্ষার জগতের মধ্য দিয়ে একদিন জীবনের সাফল্যে পৌঁছাতে পারবে এই নব প্রজন্ম। তাই শুধু তাদের উৎসাহ নয় পাশে থাকাটাই সব থেকে বড় বিষয়।

Related Articles