দেশ

সিকিমের আকাশে রঙের মেলা! শুরু হল প্যারাগ্লাইডিং ফেস্টিভ্যাল

রেনক ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে হাত মিলিয়ে সিকিম পর্যটন দপ্তর ও অসামরিক বিমান চলাচল বিভাগ যৌথভাবে এই মেগা ইভেন্টের আয়োজন করেছে।

Truth of Bengal: সিকিমের পর্যটন মানচিত্রে রোমাঞ্চের নতুন রঙ লাগাতে পাকিয়ং জেলায় জাঁকজমকভাবে শুরু হলো ‘প্যারাগ্লাইডিং অ্যাকুরেসি চ্যাম্পিয়নশিপ’। তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য ফ্লাইং ফেস্টিভ্যাল ও প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। মূলত অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রসার এবং দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ। রেনক ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে হাত মিলিয়ে সিকিম পর্যটন দপ্তর ও অসামরিক বিমান চলাচল বিভাগ যৌথভাবে এই মেগা ইভেন্টের আয়োজন করেছে।

এবারের এই প্যারাগ্লাইডিং আসরে ভারত ও নেপাল থেকে সব মিলিয়ে ৬২ জন দক্ষ প্যারাগ্লাইডার অংশ নিয়েছেন। প্রতিযোগিতার উড্ডয়ন ও অবতরণের জন্য আম্বা এবং থুমকি দারা— এই দু’টি পয়েন্টকে নির্দিষ্ট করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়ার মেজাজ বুঝে প্রতিযোগিতায় অন্তত চারটি থেকে সর্বোচ্চ বারোটি রাউন্ড অনুষ্ঠিত হতে পারে। ব্যক্তিগত দক্ষতার পাশাপাশি দলীয় পারফরম্যান্সের ভিত্তিতেও প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে।

প্রতিযোগিতার স্বচ্ছতা ও মান বজায় রাখতে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন নেপাল ছাড়াও মিজ়োরাম, অসম, পশ্চিমবঙ্গ ও সিকিমের অভিজ্ঞ প্রতিনিধিরা। হিমালয়ের কোলে এই রোমাঞ্চকর প্রতিযোগিতাকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী তামাং আশাপ্রকাশ করেছেন যে, এই ধরণের আয়োজন আগামী দিনে সিকিমকে বিশ্বের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।