দিল্লির পর এবার লেহ-লাদাখেও অনুভূত জোরালো ভূমিকম্প, জারি হাই অ্যালার্ট
Truth of Bengal: সোমবার সপ্তাহের শুরুতেই জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। সাতসকালে রাজধানী দিল্লিতে মৃদু কম্পনের রেশ কাটতে না কাটতেই বেলা গড়াতে শক্তিশালী ভূকম্পন অনুভূত হল লেহ-লাদাখ ও কাশ্মীর উপত্যকায়। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, বেলা ১১টা ৫১ মিনিট নাগাদ হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১৭১ কিলোমিটার গভীরে। জোরালো এই কম্পনের ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতির গুরুত্ব বিচার করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
সকাল ৮টা ৪৪ মিনিটে রাজধানী যখন ব্যস্ততার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ২.৮ মাত্রার একটি কম্পন অনুভূত হয়। যার উৎস ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। তীব্রতা কম হওয়ার কারণে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর না মিললেও দিল্লির বিভিন্ন প্রান্তের মানুষ স্পষ্ট ঝাঁকুনি অনুভব করেছেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা সম্পত্তির ধ্বংসের খবর পাওয়া যায়নি, তবে প্রশাসন ও আবহাওয়া দপ্তর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
উল্লেখ্য যে, গত কয়েক দিন ধরেই উত্তর ভারতের পার্বত্য ও সমতল অঞ্চলে দফায় দফায় ভূকম্পন পরিলক্ষিত হচ্ছে। গত ১৩ জানুয়ারি উত্তরাখণ্ডের বাগেশ্বরে ৩.৫ মাত্রার কম্পনের পর সোনিপথেও ভূগর্ভস্থ আলোড়ন অনুভূত হয়েছিল। হিমালয় সংলগ্ন এই অঞ্চলগুলো ভূ-তাত্ত্বিকভাবে স্পর্শকাতর হওয়ায় বারবার এই কম্পন বিশেষজ্ঞদের চিন্তায় রাখছে। সপ্তাহের প্রথম দিনেই দিল্লি ও লাদাখের এই জোড়া ঘটনা জনমানসে বড়সড় বিপদের আশঙ্কা তৈরি করেছে।






