পার্কসার্কাসে মর্মান্তিক দুর্ঘটনা! ঘুমের মধ্যেই ভেঙে পড়ল পুরনো বাড়ির চাঙর, মৃত ১
স্থানীয় কাউন্সিলরের তথ্য অনুযায়ী, মৃতার বাড়িটি বহু পুরনো এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
Truth Of Bengal: শীতের রাতে নিশ্ছিদ্র ঘুমের মধ্যেই পার্কসার্কাসে বড় ধরনের দুর্ঘটনা ঘটলো। বছরের প্রথম রবিবার রাতে পার্কসার্কাস লোহাপুলের ৬৫ নং ওয়ার্ডের একটি পুরনো তিনতলা বাড়ির চাঙর হঠাৎ ভেঙে পড়ে। এতে ৬১ বছর বয়সী রাবিয়া খাতুনের মৃত্যু ঘটে। এছাড়াও ওই বাড়ির এক শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ বছরের আয়েষা খাতুন, ১৬ বছরের উমর ওরফে দানিশ আলম এবং ৫৫ বছরের ওয়াহিদ আবদুল রয়েছেন। আয়েষার আঘাত সামান্য হলেও বাকি দুজনের অবস্থার গুরুত্ব রয়েছে।
স্থানীয় কাউন্সিলরের তথ্য অনুযায়ী, মৃতার বাড়িটি বহু পুরনো এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বাড়ির মালিককে আগেই মেরামতের জন্য সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সকালে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছান এবং বলেন, এ ধরনের দুর্ঘটনা অপ্রতিরোধ্য ছিল।
পরিবারের সদস্যরা রাতে ঘুমিয়ে ছিলেন। আচমকা চাঙর ভেঙে পড়ায় বাড়ির প্রায় সকল সদস্য আহত হন। আহতদের নিকটবর্তী ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাবিয়াকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার ফলে পার্কসার্কাস এলাকায় সকাল থেকেই আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ বাড়িগুলোর দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। এই দুর্ঘটনার পর আবারও একবার সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।



