দেশ

ভিন্ন জাতে প্রেমের জেরে মেয়েকে খুন, আত্মহত্যার নাটক ফেঁদেও শ্রীঘরে বাবা-মা

ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের জেরায় শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার অভিযুক্ত ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

Truth Of Bengal: ভিন্ন জাতে প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৭ বছরের নাবালিকা মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দিতে নাবালিকা ‘বিষ খেয়ে আত্মহত্যা’ করেছে বলে পুলিশকে জানিয়েছিলেন তাঁরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের জেরায় শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার অভিযুক্ত ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকা গ্রামেরই অন্য এক জাতির যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। বাবা-মা বারবার এই সম্পর্ক থেকে সরে আসার নির্দেশ দিলেও মেয়ে তাতে কান দেয়নি। অভিযোগ, মেয়ের এই অনড় অবস্থান মেনে নিতে পারছিলেন না তাঁরা। এরপরই গত বুধবার বাড়িতে অশান্তি চরমে ওঠে। পুলিশের দাবি, প্রথমে মেয়েকে জোর করে কীটনাশক খাওয়ানো হয় এবং পরে শ্বাসরোধ করে তাকে খুন করেন ওই দম্পতি।

খুনের পর ঘটনাটিকে আত্মহত্যার রূপ দিতে পুলিশের কাছে মিথ্যে বয়ান দেন বাবা-মা। তাঁরা দাবি করেন, দীর্ঘদিনের ক্রনিক পেটের যন্ত্রণার কষ্ট সহ্য করতে না পেরে মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

ময়নাতদন্তের ফরেনসিক রিপোর্ট আসতেই তদন্তের মোড় ঘুরে যায়। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয় যে, বিষক্রিয়া নয় বরং শ্বাসরোধ করার কারণেই কিশোরীর মৃত্যু হয়েছে। এরপরই সন্দেহভাজন বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাঁরা ভেঙে পড়েন এবং নিজেদের অপরাধ কবুল করেন।

পুলিশ জানিয়েছে, ধৃত দম্পতিকে শুক্রবার আদালতে তোলা হবে। খুনের মামলা রুজু করে এই ঘটনার পেছনে অন্য কারোর মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অনার কিলিং বা তথাকথিত ‘সম্মান রক্ষার্থে হত্যা’র এই মর্মান্তিক ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles