কলকাতা

SSC: অবশেষে নবম-দশম শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করল SSC

এই তালিকা প্রকাশ হওয়ায় 'যোগ্য' চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

Truth of Bengal: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্কুল সার্ভিস কমিশন (SSC) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ ও তথ্য যাচাইয়ের যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের তালিকা প্রকাশ করল। ৩২,২২০টি শূন্যপদের বিপরীতে প্রায় ৪০ হাজার জনের নামের তালিকা প্রকাশ করেছে কমিশন। এই তালিকা প্রকাশ হওয়ায় ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এসএসসি সূত্রে জানানো হয়েছে, এই তালিকা প্রকাশ করা হলেও নবম-দশম শ্রেণির নথি যাচাই প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে না। একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই নবম-দশমের নথি যাচাই শুরু করা হবে। জানা গেছে, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের সংখ্যা ছিল ৩২,২২০টি। এই পদের জন্য মোট ২,৯৩,১৯২ জন প্রার্থী লিখিত পরীক্ষা দিয়েছিলেন। এই লিখিত পরীক্ষা শেষ হয়েছিল গত ৭ সেপ্টেম্বর, আর তার ফল প্রকাশিত হয়েছিল ২৪ নভেম্বর।

এই প্রকাশিত তালিকাটি ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। কারণ, এই তালিকায় যাঁরা সুযোগ পাবেন না, নিয়মানুসারে তাঁদের চাকরির জন্য আবেদন করার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। ফলে, ইন্টারভিউয়ের সুযোগ পাওয়া এই ৪০ হাজার প্রার্থীর জন্য শিক্ষক হওয়ার পথে আরও এক ধাপ এগোনো সম্ভব হলো।

Related Articles