Volodymyr Zelensky: শান্তির পথে মধ্যস্থতা করতে ২০২৬-এর জানুয়ারিতে ভারত সফরে এবার জেলেনস্কি
দিল্লি সূত্রে জানা গিয়েছে, এই সফরের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে ভারতের শীর্ষ প্রশাসন।
Truth of Bengal: রুশ প্রেসিডেন্টের সফরের পর এবার ভারত আসতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্রের খবর, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে শান্তির পথ খুঁজতেই ২০২৬ সালের জানুয়ারি মাসে ভারতে আসার প্রস্তুতি চলছে তাঁর।দিল্লি সূত্রে জানা গিয়েছে, এই সফরের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে ভারতের শীর্ষ প্রশাসন। কয়েক সপ্তাহ ধরেই ভারত ও ইউক্রেনের আধিকারিকদের মধ্যে এই সফর নিয়ে আলোচনা চলছে।
এই সফর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল, কারণ তার ঠিক এক মাস আগেই ভারতে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। দুই যুদ্ধরত দেশের রাষ্ট্রপ্রধানের পরপর ভারত সফর দিল্লির কূটনৈতিক ভূমিকা আরও জোরালো করছে।রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত নিরপেক্ষ অবস্থান নিয়েছে। যুদ্ধ বন্ধ করে আলোচনার পক্ষে বারবার বার্তা দিয়েছে দিল্লি। ভারতকে বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবেও দেখছে যুদ্ধরত দু’দেশ।সূত্রের দাবি, জেলেনস্কির এই সফরের ঘোষণা নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর শান্তি পরিকল্পনার অগ্রগতি, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থার উপর।এর আগেও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানরা ১৯৯২, ২০০২ এবং ২০১২ সালে ভারতে এসেছিলেন।
উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইউক্রেন সফর করেন এবং সেখান থেকেই জেলেনস্কিকে ভারত সফরের আমন্ত্রণ জানান।ইউক্রেনে ভারতের রাষ্ট্রদূত আলেকজান্ডার পোলিশচুক আগেই জানিয়েছিলেন, এই সফর ‘শীঘ্রই’ হতে পারে, যদিও নানা কারণে তা পিছিয়ে যায়।কূটনৈতিক মহলের মতে, এই সফরের পরে যদি ভারতের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনায় বসে, তা হলে তা হবে ভারতের জন্য বড় কূটনৈতিক সাফল্য।বিশ্লেষকদের মতে, একদিকে রাশিয়ার সঙ্গে ভারতের ম্পর্ক, অন্যদিকে ইউক্রেনের বিশ্বাস — এই দুইয়ের ভারসাম্য বজায় রেখে দিল্লি যদি শান্তির পথ খুলতে পারে, তবে তা গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হবে।




