UP Amroha: উত্তরপ্রদেশের আমরোহায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ৪ এমবিবিএস ছাত্রের
বুধবার রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি–লখনউ জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগতির গাড়িটি সজোরে ধাক্কা মারে।
Truth of Bengal: উত্তরপ্রদেশের আমরোহায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল চার এমবিবিএস পড়ুয়ার। মৃতেরা হলেন অর্ণব চক্রবর্তী, আয়ুষ শর্মা, শ্রেষ্ঠ পাঞ্চোলি এবং সপ্তর্ষি দাস। চারজনই ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি বিভাগের ছাত্র।বুধবার রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি–লখনউ জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগতির গাড়িটি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে গাড়িটি দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান চার বন্ধু। জানা গিয়েছে, তারা রাতে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন।
বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। রজবপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা রাতভর ঘটনাস্থলে থেকে তদন্ত চালান। গাড়ির ধ্বংসাবশেষ সংগ্রহ করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে একাধিক মদের বোতল এবং চিপ্সের প্যাকেট উদ্ধার হয়েছে। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মত্ত অবস্থায় গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার স্থানটি ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র তিন কিলোমিটার দূরে।খবর পেয়েই রাতে ঘটনাস্থলে পৌঁছান ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব ত্যাগী।
পুলিশ মৃতদের পরিচয় নিশ্চিত করে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।চার মেডিক্যাল ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় চত্বরে। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, একই দিনে আমরোহায় গজরালা জাতীয় সড়কে আরও একটি সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুগ্রাম থেকে লখিমপুর খেরিতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।





