Delhi Municipal Bypolls: দিল্লি পুর উপনির্বাচনেও গেরুয়া দাপট! ১২টির মধ্যে ৭টি ওয়ার্ড জয়ী বিজেপি
একটি করে ওয়ার্ড জিতে খাতা খুলেছে কংগ্রেস ও অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক।
Truth of Bengal: দিল্লি পুরসভার উপনির্বাচনের ফল প্রকাশিত হল বুধবার। মোট ১২টি ওয়ার্ডে ভোট হয়েছিল ৩০ নভেম্বর। গণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায় ফের বিজেপির দাপট অব্যাহত। ১২টির মধ্যে ৭টিতেই জয় পেয়েছে দিল্লির শাসকদল বিজেপি। তিনটি ওয়ার্ড ধরে রাখতে সক্ষম হয়েছে আম আদমি পার্টি (আপ)। আর একটি করে ওয়ার্ড জিতে খাতা খুলেছে কংগ্রেস ও অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক।বিধানসভা নির্বাচনে একটিও আসন না পেয়ে কোণঠাসা হয়েছিল কংগ্রেস। সেখানে সঙ্গম বিহার ওয়ার্ডে প্রার্থী সুরেশ চৌধুরীর জয় কিছুটা স্বস্তি ফেরাল হাত শিবিরে।
ফরওয়ার্ড ব্লকও চাঁদনী মহলে চমক দিল একটি আসন দখল করে।বিজেপির জয়ের ঝুলিতে রয়েছে শালিমার বাগ বি, দ্বারকা-বি, গ্রেটার কৈলাস, চাঁদনি চক, অশোক বিহার, দিচাও কালান ও বিনোদ নগর।অন্যদিকে, আপ জিতেছে দক্ষিণ পুরী, মুন্দকা এবং নারাইনা ওয়ার্ড।এই উপনির্বাচন ছিল দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রথম বড় পরীক্ষা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ৭টি আসনে জয় তাঁর ‘বিকশিত দিল্লি’ প্রচারের পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে। উল্লেখ্য, ১১ জন কাউন্সিলর বিধায়ক এবং ১ জন সাংসদ নির্বাচিত হওয়ায় এসব ওয়ার্ডে শূন্যতা তৈরি হয়েছিল। ৫৮০টি বুথে অনুষ্ঠিত হয় উপনির্বাচন।
২০২২ সালের পুরভোটেও বিজেপি পেয়েছিল ৯টি ওয়ার্ড, আপ জিতেছিল ৩টি। এবারও সেই হিসেবেই দাপট বজায় রাখল গেরুয়া শিবির।গেরুয়া ঝড় অব্যাহত থাকলেও আপের নতুন দিল্লি ইউনিট ইনচার্জ সৌরভ ভরদ্বাজ দায়িত্ব নেওয়ার পর প্রথম নির্বাচনে তিনটি ওয়ার্ড ধরে রাখতে সক্ষম হওয়াতেও স্বস্তি ফিরেছে কেজরিওয়াল শিবিরে।সামগ্রিকভাবে, উপনির্বাচনের ফলেই স্পষ্ট, দিল্লিতে বিজেপির আধিপত্য বজায় থাকলেও বিরোধী শিবিরও রুখে দাঁড়ানোর চেষ্টা করছে নতুন উদ্যমে।






