কনস্টেবলের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢোকার চেষ্টা! আটক ছয়
পলাশীপাড়ার গোপীনাথপুর নেতাজী বিদ্যাপীঠ কেন্দ্র থেকে আরও দুই পরীক্ষার্থী মোবাইল ডিভাইসসহ ধরা পড়েন।
Truth Of Bengal: রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার চেষ্টা করায় মোট ছয়জন পরীক্ষার্থীকে আটক করল পুলিশ। রবিবার রাজ্যজুড়ে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিনেই তেহট্ট ও পলাশীপাড়া মহকুমার বিভিন্ন কেন্দ্র থেকে এই ছ’জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তেহট্টের জিৎপুর উচ্চ বিদ্যালয় থেকে দুই পরীক্ষার্থী এবং তেহট্ট উচ্চ বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থীকে মোবাইল ফোনসহ ধরা হয়। বেতাই উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকেও একজন পরীক্ষার্থীকে একই অভিযোগে আটক করা হয়েছে। পাশাপাশি পলাশীপাড়ার গোপীনাথপুর নেতাজী বিদ্যাপীঠ কেন্দ্র থেকে আরও দুই পরীক্ষার্থী মোবাইল ডিভাইসসহ ধরা পড়েন।
অভিযোগ, পরীক্ষার্থীরা গোপনে মোবাইল ডিভাইস লুকিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশের চেষ্টা করছিলেন। পরীক্ষার আগে বাধ্যতামূলক তল্লাশির সময়ই তাদের আচরণে সন্দেহ তৈরি হয় এবং তল্লাশিতে মোবাইল উদ্ধার হয়। এরপর ছ’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।রাজ্যজুড়ে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাকে ঘিরে প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই নজরদারিতেই পরীক্ষাকেন্দ্রে অনিয়মের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।






