দেশ

যোগীরাজ্যে প্রকাশ্যে সাংবাদিককে খুন! এনকাউন্টারে গুলিবিদ্ধ অভিযুক্ত বিশাল

ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের ছায়া নেমেছে গোটা রাজ্যের ওপর।

Truth Of Bengal: ফের যোগীরাজ্য উত্তরপ্রদেশে নৃশংস হত্যাকাণ্ড। হত্যা করা হল এক সাংবাদিককে। তাও আবার সন্ধ্যাবেলায় এবং প্রকাশ্যে। বৃহস্পতিবার এক হোটেলের সামনে একদল দুষ্কৃতী চড়াও হন সেই সাংবাদিকের উপর এবং বসান এলোপাথাড়ি ছুরির কোপ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের ছায়া নেমেছে গোটা রাজ্যের ওপর।

জানা গিয়েছে, মৃত সাংবাদিক ৫৪ বছর বয়সী লক্ষী নারায়ণ সিং, ওরফে পাপ্পু। বৃহস্পতিবার প্রয়াগরাজের সিভিল লাইনস এলাকার হোটেল হর্ষের সামনে তাঁকে কয়েকজন দুষ্কৃতি একাধিকবার ছুরিকাঘাত করেন। গুরুতর জখম অবস্থায় স্বরূপ রানি নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে পৌঁছাতেই চিকিৎসকরা তাঁকে ঘোষণা করেন মৃত বলে। যদিও খুনের পেছনে আসল কারণ কি, তা তদন্তকারীরা এখনো খুঁজে পাননি।

পাপ্পুর আসল পরিচয় প্রসঙ্গে জানান অ্যাডিশনাল ডেপু্টি কমিশনার পুষ্কর ভার্মা। তিনি হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সিংয়ের ভাইপো ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা সুবিচার চান। শুধু তাই নয়,তাঁদের দাবি, যেন কঠোর শাস্তি পান হত্যাকারীরা। জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের ধরার চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাতেই মূল অভিযুক্ত বিশাল ধরা পড়েছেন। তিনি পালাতে গেলে তাঁর পায়ে তিনটি গুলি করা হয় এবং এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি। পাশাপাশি, পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুই সন্দেহভাজনকে। তবে ঘটনাকে ঘিরে যে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তা না বললেও চলে। বলা ভাল, চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে।