রাজ্যের খবর

Tilpara Causeway: পাঁচ কোটি টাকা খরচ করে ময়ূরাক্ষী নদীতে অস্থায়ী কজওয়ে তৈরি করছে ট্রাক মালিক সংগঠন!

উন্নতমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এই কজওয়ে। সিউড়ি তিলপাড়া জলাধারের ওপর দিয়ে যাওয়া ১৪ নম্বর জাতীয় সড়কের নিচে থাকা পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

পার্থ দাস, বীরভূম: সিউড়ির তিলপাড়া ব্রিজের পাশে ময়ূরাক্ষী নদীর ওপর অস্থায়ী কজওয়ে তৈরি করার উদ্যোগ নিলো বীরভূমের লরি ও ট্রাক মালিকদের সংগঠন। প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা ব্যয়ে এই অস্থায়ী কজওয়ে তৈরির কাজ শুরু হল বৃহস্পতিবার থেকে। উন্নতমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এই কজওয়ে। সিউড়ি তিলপাড়া জলাধারের ওপর দিয়ে যাওয়া ১৪ নম্বর জাতীয় সড়কের নিচে থাকা পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

পাথর ও বালি ভর্তি লরি বা ডাম্পার ঘুরপথে যাতায়াত করছে। এর জেরে যেমন সময়ের অপচয় হচ্ছে, তেমনই খরচও বেড়ে যাচ্ছে অনেক। তাই, জেলা প্রশাসনের সহযোগিতায় নিজেরাই টাকা জোগাড় করে নদীর ওপর এই কজওয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাক মালিক সংগঠনের আশা আগামী ১৫ দিনের মধ্যেই এই অস্থায়ী কজওয়ে তৈরির কাজ শেষ হবে। উন্নতমানের পরিকাঠামোতে তৈরি হচ্ছে এই অস্থায়ী কজওয়ে, যাতে সুবিধা হবে সমস্ত ট্রাক মালিক থেকে শুরু করে পাথর ও বালি ব্যবসায়ীদের। তিলপাড়া ব্যারেজের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে সমস্যায় পড়তে হয়েছে এই এলাকার ব্যবসায়ী ও ট্রাক মালিকদের।

অস্থায়ী একটি রাস্তার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসন থেকে শুরু করে রাজ্য প্রশাসনের কাছে তাঁরা এর আগেই আর্জি জানিয়েছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবারই নারকেল ফাটিয়ে অস্থায়ী তিলপাড়া কজওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হল। ট্রাক মালিক ও ব্যবসায়ীদের থেকে অর্থসাহায্য নিয়ে এই ব্রিজ নির্মাণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। সমস্ত এমার্জেন্সি গাড়ি থেকে শুরু করে বাস সহ ট্রাক এই কজওয়ে দিয়েই যাতায়াত করবে। কারণ কাজের জন্য ব্যারেজের রাস্তা যখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, তখন এই রাস্তাটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন বিশিষ্ট ব্যবসায়ী টুলু মণ্ডল ও ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনাস আহমেদ।

Related Articles