Delhi Pollution: দীপাবলির পর দূষণে দমবন্ধ দিল্লি, মুখ্যমন্ত্রীকে তোপ দাগল ‘আপ’ ও কংগ্রেস
আপের রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজের কটাক্ষ, "একিউআই উচ্চারণও করতে পারেন না মুখ্যমন্ত্রী।
Truth of Bengal: দীপাবলীর জেরে রাজধানীর অবস্থা শোচনীয় ছিল সকালে। গোটা দিল্লিজুড়ে শুধু দূষণ। এই পরিস্থিতির জন্য রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে দোষারোপ করল প্রাক্তন শাসকদল আম আদমি পার্টি (আপ)। তবে শুধু আপ একা নয়, দিল্লির বিজেপি সরকারকে দায়ী করেছে কংগ্রেসও। যদিও এই পরিস্থিতির জন্য সাধারণ মানুষকেই দায়ী করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে (Delhi Pollution)।
আপের রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজের কটাক্ষ, “একিউআই উচ্চারণও করতে পারেন না মুখ্যমন্ত্রী। তিনি বলেন আইকিউ, কিউকিউ। কোনও প্রস্তুতি নেওয়া হয়নি সরকারের তরফ থেকে। কিছুই করেনি তারা দূষণ রোখার ক্ষেত্রে।” দলের নেতা গোপাল রায় বলেন, “দূষণ বাড়ছে দিল্লিতে, কিন্তু অন্য রাজ্যগুলিকে শুধু দোষ দিচ্ছে সরকার। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, বিজেপি শাসন চলছে সবেতেই। কেন তারা উদ্যোগ নেয়নি দীপাবলীর আগে?” অন্যদিকে, কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে বিজেপি ব্যর্থ করেছে দিল্লি ও তার নাগরিকদের (Delhi Pollution)।
যদিও এই অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। গোটা বিষয়টির জন্য তারা সাধারণ মানুষকেই দোষারোপ করে। রাজ্যের পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা বলেন, “সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও আশেপাশের রাজ্যগুলিতে পোড়ানো হচ্ছে খড়। দিল্লি তার ফল ভুগছে।” অন্যদিকে, আইটি সেলের প্রধান অমিত মালব্যের বক্তব্য, “দোষ দেবেন না দীপাবলিকে। এই ধোঁয়া আম আদমি পার্টির শাসনের। আলো নয় উৎসবের, যা আকাশ ঢেকে দিয়েছে দিল্লির।” তবে এই পরিস্থিতি তৈরি হওয়ার জেরে যে মুখ পুড়েছে গেরুয়া শিবিরের, তা না বললেও চলে (Delhi Pollution)।






