দেশবিনোদন

Zubeen Garg: স্কুবা ডাইভিং-এ জুবিন গর্গের রহস্যমৃত্যু, অবশেষে গ্রেফতার গায়কের ম্যানেজার ও আয়োজক

দু'জনকেই গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে গুয়াহাটিতে। আদালত সূত্রে খবর, ধৃত দু'জনকেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়।

Truth of Bengal: স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর ঘটনায় অবশেষে বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় গায়কের প্রয়াণের ঘটনায় তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করা হয়েছে। দু’জনকেই গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে গুয়াহাটিতে। আদালত সূত্রে খবর, ধৃত দু’জনকেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়। আদালত উভয়কেই এসআইটির (SIT) অধীনে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে (Zubeen Garg)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর থেকেই আয়োজক শ্যামকানু মহন্ত সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন। পরে পুলিশ তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে। অন্যদিকে, ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে খুঁজে পাওয়া যায় গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে। জনপ্রিয় গায়ক জুবিন গর্গ নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে অ্যাডভেঞ্চারের নেশায় তিনি স্কুবা ডাইভিং করতে যান (Zubeen Garg)।

শনিবার, ২০ সেপ্টেম্বর-এর সেই অনুষ্ঠানেই তাঁর পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায়, স্কুবা ডাইভিং করার সময় ডুবে গিয়ে জুবিনের শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে দ্রুত উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা বজায় রয়েছে, তবে এই দুইজনের গ্রেপ্তারির ফলে তদন্তের গতি প্রকৃতি নতুন দিকে মোড় নেবে বলে মনে করা হচ্ছে (Zubeen Garg)।

Related Articles